৪ উইকেট নিয়ে আবাহনীকে জেতালেন মোস্তাফিজ
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এ ম্যাচেই প্রথম মাঠে নেমেছেন মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়া সিরিজের কারণে লিগে আর কোনো ম্যাচ খেলার সম্ভাবনাও তাঁর নেই। সেদিক দিয়ে এটিই হয়তো এবারের লিগে মোস্তাফিজের একমাত্র ম্যাচ হয়ে থাকবে। আর সেই ম্যাচটি জাতীয় দলের পেসার রাঙিয়ে রাখলেন তাঁর দল শিরোপাপ্রত্যাশী আবাহনীকে জিতিয়ে।
বিকেএসপির এই ম্যাচে ৩০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মোস্তাফিজ। দিনের অন্য ম্যাচগুলোতে জিতেছে শিরোপার লড়াইয়ে থাকা আরও দুই দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও মোহামেডান, বসুন্ধরা স্ট্রাইকার্স এবং গুলশান ক্রিকেট ক্লাব।
সূচি অনুযায়ী অবশ্য লিগে আজ কোনো ম্যাচই ছিল না। কিন্তু বৃষ্টির কারণে গতকাল শেষ হতে না পারা পাঁচটি ম্যাচের বাকি অংশ হয়েছে আজ। অন্য ম্যাচের ‘ফল’ অবশ্য হয়ে গিয়েছিল গতকালই। পারিশ্রমিক না পাওয়ায় ব্রাদার্সের খেলোয়াড়েরা খেলতে অস্বীকৃতি জানানোয় তাদের বিপক্ষে ওয়াকওভার পেয়েছে অগ্রণী ব্যাংক।
মোস্তাফিজের ৪ উইকেট
মোস্তাফিজ ৪ উইকেট নেওয়া সত্ত্বেও বিকেএসপিতে ইরফান শুক্কুরের সেঞ্চুরিতে আবাহনীর সামনে ২৭৬ রানের বড় লক্ষ্যই দিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু বৃষ্টির কারণে আবাহনীর নতুন লক্ষ্য দাঁড়ায় ২০ ওভারে ১৬৩ রান। ৭ বল বাকি থাকতেই ৩ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। ৩০ বলে অপরাজিত ৩৩ রান করেন অপরাজিত থাকেন জাকের আলী।
এই জয়ের সৌজন্যে মোহামেডানের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে টিকে থাকল আবাহনী। ৯ ম্যাচে তাদের হার দুটি, মোহামেডানের একটি। পরের রাউন্ডে দুই দলই জিতলে শেষ রাউন্ডে তাদের ম্যাচেই নির্ধারিত হতে পারে কে জিতবে লিগ শিরোপা। দুই দলের পয়েন্ট সমান হলে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকা দল চ্যাম্পিয়ন হবে। সে ক্ষেত্রে চ্যাম্পিয়ন হতে হলে মোহামেডানকে হারাতেই হবে আবাহনীকে।
জিতেছে মোহামেডানও
তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ৪২ ওভারে ৩৩৩ রান করেছিল মোহামেডান। পিকেএসপিতে বিশাল সেই লক্ষ্য তাড়া করতে নেমে সেঞ্চুরি পেয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের সাব্বির হোসেন। ৯৫ বলে তাঁর ১০৪ রানের পরও অবশ্য গাজী গ্রুপ ৮ উইকেটে ২৮৭ রানের বেশি করতে পারেনি। মোহামেডান ম্যাচ জিতেছে ৪৬ রানে।
টিকে আছে প্রাইম ব্যাংকও
ক্রিকেটার্স একাডেমি মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব অলআউট হয়ে গেছে মাত্র ১৬৫ রানে। বৃষ্টি আইনে রূপগঞ্জ টাইগার্সের লক্ষ্য দাঁড়ায় ২৯.৪ ওভারে ১৪২ রান। কিন্তু ৬ উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি করতে পারেনি তারা। ১৬ রানের জয়ে এখনো শিরোপা জয়ের সম্ভাবনা টিকিয়ে রেখেছে ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তিনে থাকা প্রাইম ব্যাংক।
ডিএলএসে জয়ী গুলশান
বিকেএসপির আরেক মাঠে প্রথমে ব্যাট করে গুলশান ক্রিকেট ক্লাব ২০১ রান করলেও বৃষ্টির কারণে প্রতিপক্ষ সিটি ক্লাবের লক্ষ্য দাঁড়িয়েছিল ৪৬ ওভারে ২০৪ রান। ১৮৬ রানে অলআউট হয়ে সিটি ক্লাব ম্যাচ হেরেছে ১৭ রানে। ইউল্যাব মাঠে দিনের আরেক ম্যাচে সাইফ হাসানের ১১২ বলে ৯৫ রানের সৌজন্যে ৯ উইকেটে ২৫১ রান করে বসুন্ধরা স্ট্রাইকার্স। জবাবে ২২০ রানে অলআউট হয়ে ঢাকা লেপার্ডস হেরেছে ৩১ রানে।