আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন উইলিয়ামসন

কেইন উইলিয়ামসনআইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন।

উইলিয়ামসনের এই ঘোষণার মধ্য দিয়ে তাঁর ১৬ বছরের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান ঘটল। নিউজিল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৩৭৮টি ম্যাচ খেলেছেন এই ব্যাটসম্যান।

আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক উইলিয়ামসন। তিন সংস্করণে তাঁর সংগ্রহ ১৯,৩৪৬ রান। করেছেন ৪৮টি সেঞ্চুরি এবং ৬টি ডাবল সেঞ্চুরি।

২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিউজিল্যান্ডকে তিন সংস্করণে নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামসন। তাঁর অধীনে নিউজিল্যান্ড দুটি আইসিসি বিশ্বকাপ ফাইনালে খেলেছে। ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতেছে।

আরও পড়ুন

টি–টুয়েন্টি থেকে অবসর উইলিয়ামসন গত নভেম্বরেই নিয়েছিলেন। আর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর জন্য এটাকেই সঠিক সময় বলে মনে করছেন উইলিয়ামসন, ‘আমি অবসর নিয়ে বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম। গত কয়েক দিনে এটা পরিষ্কার হয়েছে যে এটাই সঠিক সময়। আমি সবসময় আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তীব্র তাগিদ ও ক্ষুধা অনুভব করেছি। নিউজিল্যান্ডের হয়ে খেলা প্রতিটি ম্যাচে নিজের সর্বোচ্চটা দিয়েছি ভেবে গর্ববোধ করি। এর চেয়ে কিছুটা কম ক্ষুধা নিয়ে খেলা ঠিক হতো না। নিজের মতো করে বিদায় নিতে পেরেছি বলে ভাগ্যবান মনে করছি।’

উইলিয়ামসন ২০১৫ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার এবং ২০১৯ সালের বর্ষসেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। এর পাশাপাশি রেকর্ড চারবার ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ জিতেছেন।

হঠাৎ এই অবসরের কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের বাকি অংশে তাঁকে আর পাচ্ছে না নিউজিল্যান্ড। তাঁর পরিবর্তে কাকে দলে নেওয়া হবে তা এখন জানানো হয়নি।