মধ্যরাতে ডাক পেয়ে হঠাৎ কেন লাহোরে আমিনুল

আজ ভোরে লাহোরে পৌঁছেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাসির তাঁকে স্বাগত জানান।পিসিবি

গতকাল রাত একটায় বিসিবির পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সভাপতি আমিনুল ইসলামের জরুরি বার্তা। পাকিস্তানের বিমানে ওঠার অপেক্ষায় তখন তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু হঠাৎ কেন পাকিস্তানে যাচ্ছেন বিসিবি সভাপতি?

পরিচালকদের উদ্দেশে দেওয়া বার্তায় সেটি পরিষ্কার করেননি আমিনুলও। শুধু জানিয়েছেন, টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেলা নিয়ে তিনি আইসিসির সঙ্গে ধারাবাহিক আলোচনার মধ্যে আছেন। তারই অংশ হিসেবে লাহোরে যাচ্ছেন আইসিসি ও পিসিবির সঙ্গে সভা করতে। আমিনুলের বার্তা অনুযায়ী পাকিস্তানে যেতে হবে, সেটাই তিনি নিশ্চিত হয়েছেন কাল রাত সাড়ে ১১টার দিকে।

আরও পড়ুন

রাত ১টার দিকে বোর্ড পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো বার্তায় আমিনুল লিখেছেন, ‘মাত্র ৯০ মিনিট আগে আমার এই সফরটি নিশ্চিত হয়েছে। আমি এখন বিমানবন্দরে। সময়স্বল্পতার কারণে কাউকে কল করা সম্ভব হয়নি। মিটিং হবে লাহোরের সময় আগামীকাল (আজ) বিকাল ৪টায়। ফিরব ৯ তারিখ সন্ধ্যায়।’

বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে বোঝা গেছে, রাতে গ্রুপে পাওয়া বার্তার সুবাদে তাঁরা শুধু এটাই জানেন যে বোর্ড সভাপতি আইসিসি ও পিসিবির সঙ্গে সভা করতে লাহোরে গেছেন। কিন্তু কী নিয়ে সভা, সভায় বিসিবি সভাপতি কেন গেলেন, এ সম্পর্কে কারও কোনো ধারণা নেই।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ফেসবুকে আমিনুলকে স্বাগত জানানোর একটা ভিডিও–ও পোস্ট করা হয়েছে।
পিসিবি

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘আপনি যে রকম জানেন বিসিবি সভাপতি লাহোরে গেছেন, আমিও সেটাই জানি। সভার পর উনি যোগাযোগ করলে বাকিটা জানব।’

ওদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, আজ ভোরে লাহোরে পৌঁছেছেন আমিনুল। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাসির তাঁকে স্বাগত জানান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ফেসবুকে আমিনুলকে স্বাগত জানানোর একটা ভিডিও–ও পোস্ট করা হয়েছে, যেটির ক্যাপশনে সালমান নাসিরকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘সম্মানিত অতিথিকে আমরা আন্তরিকভাবে পাকিস্তানে স্বাগত জানিয়েছি।’ লাহোরে আইসিসি ও পিসিবির সভায় যোগ দেওয়া ছাড়াও পিসিবিপ্রধান মহসিন নাকভির সঙ্গে আলাদা একটি সভা করার কথা আমিনুলের।

পাকিস্তানের সংশ্লিষ্ট একটি সূত্র এই প্রতিবেদককে জানিয়েছে, টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ নিয়ে আইসিসির একটি প্রতিনিধিদলের লাহোরে আসার কথা। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হওয়ার কথা। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত সভা শুরু হয়নি বলে জানা গেছে। সভায় আইসিসির পক্ষে অংশ নেওয়ার কথা ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার।

পিসিবি ও আইসিসির সভায় বিসিবি সভাপতির সশরীর থাকার কারণ হিসেবে একটাই ‘ক্লু’ পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত। যেহেতু পাকিস্তান বলেছে, বাংলাদেশের ভারতে না খেলার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, এ নিয়ে পরবর্তী যেকোনো সিদ্ধান্তে বাংলাদেশকে পাশে রাখতে চায় আইসিসি ও পিসিবি।