টেস্টে এই প্রথম চার বিশেষজ্ঞ পেসার খেলাচ্ছে বাংলাদেশ

সুপারস্পোর্ট পার্কের উইকেটের সামনে বাংলাদেশ দলের চার পেসার—খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামবিসিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেঞ্চুরিয়নে বৃষ্টিবিঘ্নিত টেস্টে চার বিশেষজ্ঞ পেসার খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামকে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সুপারস্পোর্ট পার্কের বাইশ গজ পেসবান্ধব হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট

প্রশ্ন হলো, টেস্টে বাংলাদেশ সর্বশেষ কবে চারজন বিশেষজ্ঞ পেসার খেলিয়েছে?

আরও পড়ুন

উত্তরটা একটু ভেঙে দিতে হয়। বিশেষজ্ঞ নয়, মিডিয়াম পেসার ‘পার্ট টাইম’ হিসেবে কাজে লাগেন—এটা বিবেচনা করলে বাংলাদেশ সর্বশেষ চার পেসার খেলিয়েছে ২০১৯ ওয়েলিংটন টেস্টে। নিউজিল্যান্ডের ইনিংস ব্যবধানে জেতা সেই ম্যাচে ৪ পেসার ছিলেন—আবু জায়েদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।

সৌম্যকে বাংলাদেশ দলের হয়ে নিয়মিত মিডিয়াম পেস বোলিং করতে দেখা যায় না। কিন্তু সে ম্যাচে নিউজিল্যান্ডের এক ইনিংসে ২১ ওভার বোলিং করেছিলেন সৌম্য। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত আরও কয়েকটি ম্যাচে বাংলাদেশের চতুর্থ পেসার হিসেবে বল করেছেন এই ব্যাটিং–অলরাউন্ডার।

সৌম্য সরকার
প্রথম আলো

সৌম্যর আগে আরেক অলরাউন্ডার আফতাব আহমেদও বেশ কয়েকটি টেস্টে বাংলাদেশের চতুর্থ পেসার হিসেবে বল করেছেন। তবে নিয়মিত বোলিং করেন এমন চার পেসার নিয়ে বাংলাদেশ সর্বশেষ খেলেছে ২০০৩ কেয়ার্নস টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে একজন ছিলেন মিডিয়াম পেসার—খালেদ মাহমুদ। বাকি তিন পেসার ছিলেন মাশরাফি বিন মুর্তজা, তাপস বৈশ্য ও আনোয়ার হোসেন।

সৌম্যর মতো খালেদ মাহমুদও ছিলেন মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার। তবে দুজনের মধ্যে বাংলাদেশ দলের হয়ে খালেদ মাহমুদকেই বেশি বোলিং করতে দেখা গেছে। মাহমুদ তাঁর ১২ টেস্টের ক্যারিয়ারে ১৭ ইনিংসে যেখানে ১৬২০ বল করেছেন, সৌম্য সেখানে এ পর্যন্ত তাঁর ১৬ টেস্টের ক্যারিয়ারে ১২ ইনিংসে করেছেন ৫০৮ বল।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার খালেদ মাহমুদ
প্রথম আলো

২০০১ সালে বুলাওয়েতে বাংলাদেশ নিজেদের ইতিহাসের দ্বিতীয় টেস্টও খেলতে নেমেছিল চার পেসার নিয়ে। হাসিবুল হোসেন, মঞ্জুরুল ইসলাম ও মোহাম্মদ শরীফের সঙ্গে ছিলেন পেস–বোলিং অলরাউন্ডার মুশফিকুর রহমানও। তবে মুশফিক বাবু নামেই বেশি পরিচিত সাবেক এই খেলোয়াড় দলে ছিলেন অলরাউন্ডার হিসেবেই।

এবার আসল উত্তরে আসা যাক। অলরাউন্ডার পরিচয় বিবেচনার বাইরে রাখলে বাংলাদেশ আসলে এই ম্যাচেই প্রথমবারের মতো চারজন বিশেষজ্ঞ পেসারকে একসঙ্গে মাঠে নামিয়েছে!