স্মিথকে ছাড়িয়ে ক্যাচের বিশ্ব রেকর্ড এখন রুটের
হেডিংলিতে আজ পাকিস্তানের দ্বিতীয় ইনিংসটা মাত্র শুরু হয়েছে। চতুর্থ ওভারের ঘটনা। বল হাতে ইংল্যান্ডের জফরা আর্চার। সামনে ব্যাটসম্যান পাকিস্তানের আজান ওয়াইস। আর স্লিপে অপেক্ষা জো রুট।
আর্চারের বলটা ওয়াইসের ব্যাটে লেগে জমা হলো স্লিপে থাকা ইংল্যান্ড অধিনায়ক জো রুটের হাতে। ব্যস, তাতেই ইতিহাস। ৯ রানে ওয়াইসকে ফেরানোর সেই ক্যাচ নিয়েই টেস্ট ক্রিকেটে নতুন উচ্চতায় উঠলেন জো রুট। এটি ছিল তাঁর ক্যারিয়ারের ২১৯তম ক্যাচ। উইকেটকিপার নন, এমন ফিল্ডারদের মধ্যে এখন টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচের মালিক রুট। ইংল্যান্ড অধিনায়ক পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে, যিনি এত দিন ২১৮ ক্যাচ নিয়ে শীর্ষে ছিলেন।
স্মিথকে দুই নম্বরে ঠেলে দেওয়ার এই তালিকার বাকি নামগুলোও ক্রিকেট আভিজাত্যের প্রতীক। ২১০ ক্যাচ নিয়ে তিন নম্বরে ভারতের রাহুল দ্রাবিড়। চার নম্বরে থাকা শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের ক্যাচ ২০৫টি এবং ২০০ ক্যাচ নিয়ে পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস।
এই কীর্তির আগের দিনই আরেকটি মাইলফলক ছুঁয়েছেন রুট, ব্যাট হাতে। গতকাল ম্যাচের দ্বিতীয় দিনে টেস্টে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ডে তিনি নাম লিখিয়েছেন শচীন টেন্ডুলকারের পাশে। হেডিংলির প্রথম ইনিংসে ১১২ বলে ৬৬ রান করেন রুট। মারেন ১০টি চার। রুটেরও এখন টেন্ডুলকারের মতো টেস্টে ৬৮টি ফিফটি। তালিকায় দুজন যৌথভাবে শীর্ষে। এ দুজনের পর আছেন ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল, ৬৬ ফিফটি। অ্যালান বোর্ডার ও রাহুল দ্রাবিড়ের ৬৩টি করে।
অধিনায়ক হিসেবেও পিছিয়ে নেই রুট। টেস্টে অধিনায়ক হিসেবে তাঁর ৫০-এর বেশি রানের ইনিংস এখন ৪২টি। এই তালিকায় তিনি আছেন পাঁচ নম্বরে। শীর্ষে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, ৬১টি। এরপর রিকি পন্টিং ৫৪, অ্যালান বোর্ডার ৫১ ও মিসবাহ-উল-হক ৪৩।
ব্যক্তিগত অর্জনের পাশাপাশি ম্যাচেও দাপট দেখাচ্ছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৪০৯ রানে অলআউট হয়ে ২৩৮ রানের লিড নেয় স্বাগতিকেরা। এর আগে পাকিস্তান প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৭১ রানে।