বাংলাদেশের বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে কী বললেন পাকিস্তান অধিনায়ক

পাকিস্তান অধিনায়ক আগা সালমানএএফপি

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। কলম্বোয় অধিনায়কদের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি পাকিস্তানের ভারত–ম্যাচ বয়কট ইস্যুতেও কথা বলেছেন সালমান।

সালমান স্বীকার করেছেন, ভারত–ম্যাচ বয়কটে সমর্থকেরা হতাশ হবেন। তবে দলের মনোযোগ এখন গ্রুপের বাকি ম্যাচগুলোর দিকেই। সালমান বলেছেন, ‘ভারত–ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে নেই। এটা সরকারের সিদ্ধান্ত, আর আমরা সেটাকে সম্মান করি। তারা যা বলবে, আমরা সেটাই করব। এ ছাড়া আমাদের আরও তিনটি ম্যাচ আছে, সেগুলো নিয়ে আমরা রোমাঞ্চিত।’

পাকিস্তান কেন ভারত–ম্যাচ বয়কট করেছে, সেটা হয়তো সবারই জানা। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার নিরাপত্তাশঙ্কায় ভারতে বিশ্বকাপের দল পাঠাতে রাজি হয়নি। এরপর আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিলে পাকিস্তান সরকার বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।
টি–টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা নিয়ে সালমান বলেছেন, ‘বাংলাদেশিরা আমাদের ভাই, পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। এটা দুঃখজনক যে তারা বিশ্বকাপে খেলছে না।’

বিশ্বকাপের জার্সিতে সালমান আগা
পিসিবি

পাকিস্তান গ্রুপ পর্বে ভারতের সঙ্গে খেলছে না, কিন্তু টুর্নামেন্টে নকআউট পর্বেও দুই দলের দেখা হতে পারে। এমনটা হলে পাকিস্তান কী করবে সেই প্রশ্নের উত্তরও দিতে হয়েছে সালমানকে, ‘যদি সেমিফাইনাল বা ফাইনালে তাদের বিপক্ষে খেলতে হয়, তাহলে আমাদের সরকারের কাছে যেতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে।’

আরও পড়ুন

গ্রুপ ‘এ’ তে পাকিস্তানের সঙ্গে ভারত ছাড়া একই গ্রুপে আছে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গত টি-টুয়েন্টি বিশ্বকাপে হেরেছিল পাকিস্তান। সালমানের কথাতে সেই প্রসঙ্গও এসেছে।

তিনি বলেছেন, ‘হ্যাঁ, আগের বিশ্বকাপে আমরা যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিলাম, কিন্তু সেটা এখন ইতিহাস। এটা নতুন বিশ্বকাপ, নতুন দল, নতুন কম্বিনেশন। আমরা এটা নিয়ে খুবই রোমাঞ্চিত। অধিনায়ক হিসেবে এটা আমার প্রথম বিশ্বকাপ, আর আমি খুবই রোমাঞ্চিত। অধিনায়ক হিসেবে নিজেকে কীভাবে মেলে ধরব, সেটা ঠিক জানি না। আমি সামনে থেকে নেতৃত্ব দিতে চাই। খেলোয়াড় হিসেবে নিজের কাজ করতে চাই, খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে নিতে চাই। এমন একটা আবহ দলকে দিতে চাই, যাতে সবাই সেরাটা দিতে পারে।’

পাকিস্তান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে।

আরও পড়ুন