কামিন্স আজ টস হারলেই ফিরবে ১১৮ বছর আগের স্মৃতি

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু পরই (বাংলাদেশ সময় বিকাল ৪টা) শুরু হবে অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স যখন টস করতে নামবেন, তখন তাঁকে চোখ রাঙাবে ১১৮ বছর আগের পুরোনো এক রেকর্ড। আর তা জানলে কামিন্সের সবচেয়ে বড় সমালোচকও সম্ভবত তাঁর প্রতি সহমর্মী হবেন।

আরও পড়ুন

রেকর্ডটি টস নিয়ে। এই ভাগ্যপরীক্ষায় বাজে ‘ফর্ম’ যাচ্ছে অস্ট্রেলিয়া অধিনায়কের। চলতি অ্যাশেজে আগের চার টেস্টেই টসে হেরেছেন কামিন্স। প্রতিবারই টস করতে নেমে ‘টেল’ কল করেছেন কামিন্স, কিন্তু ‘হেড’ পরায় জিতেছে প্রতিপক্ষ। কামিন্স ওভালেও যদি টসে হারেন তাহলেই ফিরে আসবে ১৯০৫ সালের এক রেকর্ড। সেবার পাঁচ টেস্টের সিরিজে সব কটিতেই টস হেরেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জো ডার্লিং। সেই ঘটনার ১১৮ বছর পর অস্ট্রেলিয়ার প্রথম অধিনায়ক হিসেবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সব ম্যাচেই টস হারার চোখরাঙানি এখন কামিন্সের সামনে।

অস্ট্রেলিয়া দলের অংশ হয়ে চারবার (১৮৯৬, ১৮৯৯, ১৯০২ ও ১৯০৫) ইংল্যান্ড সফরে গিয়েছিলেন জো ডার্লিং। এর মধ্যে ১৯০২ সালে ভিক্টর ট্রাম্পার, হিউ ট্রাম্বল, ক্লেম হিল, সিড গ্রেগরি ও ওয়ারউইক আর্মস্ট্রংদের নিয়ে ইংল্যান্ড সফরে নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেট দলের।

আরও পড়ুন

তিন বছর পর ইংল্যান্ড সফরেও অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ছিলেন জো ডার্লিং। সে সফরে নটিংহামের ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টে টস হারেন ডার্লিং। প্রথা ভেঙে সফরকারী দলের অধিনায়ক হিসেবে নিজের কয়েন দিয়ে টস করে হেরেছিলেন অস্ট্রেলিয়ার হয়ে ৩৪ টেস্ট খেলা সাবেক এই ওপেনার। মুদ্রানিক্ষেপে দুর্ভাগ্য তাঁর সঙ্গী হয়েছিল পরের চার টেস্টেই। আর ইংল্যান্ডও সিরিজ জিতেছিল ২-০ ব্যবধানে। ওভালে ১৯০৫ সালের ১৪ আগস্ট থেকে শুরু হওয়া সেই অ্যাশেজের শেষ টেস্টটি ডার্লিংয়ের ক্যারিয়ারেও শেষ টেস্ট।

কামিন্স আজ সেই ওভালেই এবারের অ্যাশেজেও শেষ টেস্টে টস করতে নামবেন। কাল সংবাদকর্মীদের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। জানিয়েছেন, ভাগ্যে যা–ই থাকুক শেষ টেস্টেও টসে ‘টেল’ কল করবেন, ‘এটা নিয়ে অনেক কথা হচ্ছে। টসে তো সম্ভাবনা ফিফটি-ফিফটি, মজাটা হলো লোকে তারপরও এটা নিয়ে নানা তত্ত্ব মেনে চলে। কিন্তু “টেল”-ই কল করব।’ কামিন্স অ্যাশেজ শুরুর আগে সর্বশেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও টসে হেরেছিলেন। চলতি অ্যাশেজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন