টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের দুই ফাইনালও ইংল্যান্ডে
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের দুটি ফাইনালও হবে ইংল্যান্ডে। ২০২৩ সালের ফাইনালটি হবে লন্ডনের ওভালে। ২০২৫ সালের ফাইনাল হবে একই শহরের আরেক ভেন্যু লর্ডসে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক ভেন্যু দুটির নাম প্রকাশ করেছে আইসিসি।
গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছিল সাউদাম্পটনের রোজ বোলে। প্রাথমিকভাবে সেটি হওয়ার কথা ছিল লর্ডসে। তবে করোনাভাইরাসের কারণে জৈব সুরক্ষাবলয়ের মধ্যে খেলার কারণে বেছে নেওয়া হয়েছিল হ্যাম্পশায়ারের মাঠকে, যেটির সঙ্গেই ছিল হোটেলের সুবিধা। ফাইনালে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড।
আগামী বছর ওভালের ফাইনালটি জুনে হবে, আইসিসি এমন বললেও নির্দিষ্ট তারিখ জানায়নি। আগামী বছরের ১৬ জুন এজবাস্টনে শুরু হবে অ্যাশেজের প্রথম টেস্ট। ক্রিকেট–বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো বলছে, অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই আয়োজন করা হবে ওভালের ফাইনাল।
দুই বছরের চক্র শেষে শীর্ষে থাকা দুটি দল খেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। শতকরা অর্জিত পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হয় দলগুলোর অবস্থান। ৭০ শতাংশ পয়েন্ট নিয়ে এ চক্রে এখন শীর্ষে আছে অস্ট্রেলিয়া, দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৬০ শতাংশ। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে এ চক্রের একটি সিরিজে মুখোমুখি হবে দুই দল।
টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে পরের দলগুলো হচ্ছে শ্রীলঙ্কা (৫৩.৩৩ শতাংশ), ভারত (৫২.০৮) ও পাকিস্তান (৫১.৮৫)। সবার নিচে থাকা বাংলাদেশ পেয়েছে ১৩.৩৩ শতাংশ পয়েন্ট।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু নিয়ে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘ওভালের ইতিহাস সমৃদ্ধ, অসাধারণ পরিবেশ। পরের বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সেখানে আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমাদের সূচির গুরুত্বপূর্ণ এ ম্যাচের জন্য সেটি আদর্শ।’