অফ স্টাম্পের বাইরের বল, আলতো লেট কাটে চার মারেন তাওহিদ হৃদয়। এই চারে লিস্ট ‘এ’ ক্রিকেটে চতুর্থ সেঞ্চুরির স্বাদ পেয়েছেন হৃদয়। রাজশাহীর বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম বিসিএল ওয়ানডেতে মধ্যাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চলের হয়ে এই সেঞ্চুরি পেয়েছেন হৃদয়।
তাঁর সেঞ্চুরি ও ওপেনার তানজিদ হাসানের ৯২ রানের ইনিংসে ৫০ ওভারে ৩২২ রান তুলেছে উত্তরাঞ্চল। শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেছেন সাব্বির রহমানও।
আজ হৃদয় ব্যাটিংয়ে নেমেছিলেন দলের বিপর্যয়ের সময়ে। ইনিংসের দ্বিতীয় ওভার শেষ হওয়ার আগেই ৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিল উত্তরাঞ্চল।
সেখান থেকে তানজিদ হাসানের সঙ্গে ১৩৫ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন হৃদয়। তাঁর আগেই অবশ্য তানজিদের সেঞ্চুরি পাওয়ার কথা ছিল। কিন্তু রিপন মণ্ডলের বলে ছক্কা মারতে গিয়ে মাহফিজুল ইসলামের হাতে ক্যাচ তুলে দেন। ৯ চার ও ৪ ছক্কায় ৯২ বলে ৯২ রান করেন তানজিদ।
তাঁর বিদায়ের পর দলকে টেনে নিতে থাকেন হৃদয়। ইনিংসের শুরুতে কিছুটা ধীরস্থির ছিলেন। ফিফটি পেতে তাঁর লেগেছিল ৬৮ বল। কিন্তু পরের ফিফটিটা তিনি পেয়ে যান ৩৮ বলেই। সেঞ্চুরির পর অবশ্য আর বেশি দূর এগোতে পারেননি হৃদয়। আবু হায়দারের বলে বোল্ড হয়ে গেছেন।
১১৩ বলের ইনিংসে কোনো ছক্কা না মেরেই ১০২ রান করেছেন হৃদয়, তাঁর ব্যাট থেকে এসেছে ৮টি চার। উত্তরাঞ্চলের বড় সংগ্রহের পেছনে সাব্বিরের অবদানও অনেক। শেষ দিকে ৫১ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন এই ক্রিকেটার। উত্তরাঞ্চলের ফাইনাল খেলা অবশ্য অনেকটাই নিশ্চিত হয়ে গেছে আগের দুই ম্যাচে।
এবারের বিসিএলে প্রথম সেঞ্চুরিটা এসেছিল হৃদয়েরই দলের আকবর আলীর ব্যাট থেকে। পরে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণাঞ্চলের আফিফ হোসেন। হৃদয় পেলেন বিসিএল ওয়ানডের তৃতীয় সেঞ্চুরি।