মুশফিক কোহলিকে স্লেজিং করেন না, কোহলি করেন

বিরাট কোহলি ও মুশফিকুর রহিমগ্রাফিকস: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুশফিকুর রহিম উইকেটরক্ষক বলেই ব্যাটসম্যানকে খুব কাছ থেকে দেখতে পারেন। মাঠে সারাক্ষণ কথা বলে ফিল্ডারদের চনমনে রাখার দায়িত্বটাও মুশফিকের। শুধু কি তা–ই, স্লেজিং করতে হয় প্রতিপক্ষ ব্যাটসম্যানকেও। যদি মনোযোগের ব্যাঘাত ঘটে, তাতে আউট হওয়ার সম্ভাবনাও তো বাড়ে! তা, মুশফিক কি কখনো বিরাট কোহলিকে স্লেজিং করেছেন?

আরও পড়ুন

কোহলিকে মুশফিকের স্লেজিং করার বিষয়টি হুট করেই উঠছে না। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। খুব স্বাভাবিকভাবেই তাই মুশফিক-কোহলির এ প্রসঙ্গ উঠে আসতেই পারে। আজ কি তাহলে মুশফিককে দেখা যাবে উইকেটের পেছন থেকে কোহলিকে স্লেজিং করতে? সম্ভবত না। মুশফিক নিজেই বলেছেন, ওই কাজটি অন্তত কোহলির ক্ষেত্রে করা ঠিক হবে না। তাতে আরও ক্ষতিবৃদ্ধিই হবে। কারণ, স্লেজিং কোহলিকে ভালো খেলতে আরও উদ্বুদ্ধ করে বলে মনে করেন মুশফিক।

বাংলাদেশের বিপক্ষে কোহলির রেকর্ড বেশ ভালো
ছবি: এএফপি

ভারতের টিভি চ্যানেল স্টার স্পোর্টসে মুশফিক কোহলিকে ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলোয়াড়’ বলেছেন, যে সব ম্যাচ জিততে চায়। ভারত ও কোহলির মুখোমুখি হতে ভালোওবাসেন মুশফিক। কোহলিকে স্লেজিং করার বিষয়ে বাংলাদেশের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেছেন, ‘কিছু ব্যাটসম্যান স্লেজিং পছন্দ করে, তাতে আরও উদ্বুদ্ধ হয়। আমি তাকে (কোহলি) কখনোই স্লেজিং করি না, কারণ তাতে সে আরও প্রেরণা পায়। সব সময় বোলারদের বলি, যত দ্রুত সম্ভব তাকে আউট করো।’

মুশফিক না হয় কোহলিকে স্লেজিং করেন না, কোহলি কি চুপ থাকেন? মানে মুশফিক ব্যাটিংয়ে নামলে কোহলি কি তাঁকে স্লেজিং করেন? এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন মুশফিক। আর এই উত্তরেই ব্যাখ্যা করেছেন মাঠে কোহলির মানসিকতা, ‘যখনই তার (কোহলি) বিপক্ষে খেলি, ব্যাট করতে নামলে সে সব সময়ই আমাকে স্লেজিং করে। কারণ, সে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলোয়াড়। কোনো ম্যাচই হারতে চায় না। তার সঙ্গে এই প্রতিদ্বন্দ্বিতাটা খুব ভালো লাগে এবং তার ও ভারতের বিপক্ষে খেলার যে চ্যালেঞ্জ সেসবের মুখোমুখি হতেও ভালো লাগে।’

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে দারুণ রেকর্ড কোহলির। ১৫ ম্যাচে ৬৭.২৫ গড়ে ৪ সেঞ্চুরিসহ ৮০৭ রান করেছেন। তবে সাকিবের বিপক্ষে কোহলির রেকর্ড অতটা ভালো না। ওয়ানডেতে ১১ ইনিংসে এ পর্যন্ত সাকিবের ১৪৮ বল খেলে ১৪০ রান করেছেন কোহলি। আউট হয়েছেন পাঁচবার। ভারতের বিপক্ষে ২৪ ইনিংসে মুশফিকের রান ৬৬৫, গড় ৩১.৬৫।

বিশ্বকাপে বাংলাদেশ এ পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২টিতে হেরেছে। জিতেছে আফগানিস্তানের বিপক্ষে, হেরেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে। ভারতের বিপক্ষে গত বছর ঘরের মাঠে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। গত মাসে এশিয়া কাপেও ভারতের বিপক্ষে জিতেছে বাংলাদেশ।

আজকের ম্যাচের আগে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে আমরা সাফল্য পেয়েছি। তবে এটা বিশ্বকাপ। এখানে প্রতিদ্বন্দ্বিতাটা আলাদা। আশা করি, আমরা নিজেদের খেলাটা খেলতে পারব।’

আরও পড়ুন