আইপিএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার

আইপিএল ট্রফিআইপিএল ওয়েবসাইট

আইপিএলে খেলতে কে না চান!

কাঁড়ি কাঁড়ি টাকা আর গ্ল্যামার—আধুনিক ক্রিকেটের এ যুগে আইপিএলের ডাক উপেক্ষা করা যেকোনো ক্রিকেটারের জন্যই কঠিন। তবে কেউ কেউ উল্টো পথেও চলেন। এই যেমন ইংল্যান্ডের তিন ক্রিকেটার এবার আইপিএলকে ‘না’ করে দিয়েছেন। এর মধ্যে একজন নিলামে দল পাওয়ার পরও সরে দাঁড়িয়েছেন, আরও দুজন বদলি হিসেবে টুর্নামেন্ট খেলার প্রস্তাব পেয়ে মানা করে দিয়েছেন।

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইংল্যান্ডের দুই ক্রিকেটার উইকেটকিপার জেমি স্মিথ ও পেসার জশ টাং ফ্র্যাঞ্জাইজিদের পক্ষ থেকে এবারের আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন। তবে দুজনই আগামী দুই মাস ইংল্যান্ডে কাটাতে চান জানিয়ে ‘না’ করে দিয়েছেন। অবশ্য এ সময়ে তাঁরা কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবেন কি না পরিষ্কার নয়।

এর আগে বেন ডাকেটও আইপিএল থেকে সরে দাঁড়ান। গত ডিসেম্বরে নিলাম থেকে ডাকেটকে দুই কোটি রুপিতে কেনে দিল্লি ক্যাপিটালস। এবারই প্রথম আইপিএলে খেলার কথা ছিল এই বাঁহাতি ব্যাটসম্যানের। তবে ইংল্যান্ড জাতীয় দলের আসন্ন মৌসুম নিয়ে প্রস্তুতি নিতে তিনি আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন।

জশ টাং আইপিএলের প্রস্তাব ‘না’ করে দিয়েছেন
ছবি: রয়টার্স

এক বিবৃতিতে ডাকেট ক্যাপিটালস ভক্তদের কাছে ক্ষমা চেয়ে জানান, তিনি জাতীয় দলে নিজের জায়গা নিয়ে চিন্তিত এবং নিজের ফিটনেস, মানসিক স্বাস্থ্য ও টেস্ট ক্রিকেট নিয়ে কাজ করতে চান। পাশাপাশি পরিবারকেও বেশি সময় দিতে চান বলে জানিয়েছেন।

টেলিগ্রাফের প্রতিবেদনে স্মিথ ও টাংকে কার পরিবর্তে ডাকা হয়েছিল, তা উল্লেখ করা হয়নি। তবে ডাকেট চলে যাওয়ায় দিল্লির একটি ব্যাটিং পজিশন খালি ছিল। আর কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস এবার চোটের কারণে তাদের একাধিক পেসারকে খেলাতে পারছে না। তারা বদলি খুঁজছে।

আরও পড়ুন