‘সব রেকর্ড ভেঙে দেবেন বাবর’

পাকিস্তান অধিনায়ক বাবর আজমছবি: টুইটার

সময়টা এখন বাবর আজমের। প্রতিনিয়ত মাঠে নেমে বাবর ভেঙে দিচ্ছেন একের পর এক রেকর্ড। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজেও বাবর ভেঙেছেন ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রানসহ একাধিক রেকর্ড। দারুণ ছন্দে থাকা পাকিস্তান অধিনায়ককে প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক ক্রিকেটাররাও।

কদিন আগে বাবর স্যার ডন ব্র্যাডম্যানের চেয়ে কম নন বলে মন্তব্য করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজা। এবার বাবর সব রেকর্ড ভেঙে দেবেন বলেও মন্তব্য করেছেন পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক মিসবাহ–উল–হক। শুধু ব্যাটসম্যান বাবরই নয়, অধিনায়ক বাবরও সব রেকর্ড ভেঙে দেবেন বলে মন্তব্য করেছেন মিসবাহ।

আরও পড়ুন

২০১৫ সালে অভিষেকের পর নিজেকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বাবার। ৪৭ টেস্টে ৪৮.৬৩ গড়ে তাঁর রান ৩ হাজার ৬৯৬, ওয়ানডেতে ৫৯.১৭ গড়ে করেছেন ৫ হাজার ৮৯ রান এবং টি টোয়েন্টিতে ৪১.৪৮ গড়ে করেছেন ৩ হাজার ৪৮৫ রান। ব্যাট হাতে রানের ফুলঝুরি ছড়ানো বাবরের প্রশংসায় পঞ্চমুখ মিসবাহ তাঁকে মোহাম্মদ ইউসুফ–ইনজামাম উল হকদের মতো কিংবদন্তিদের সঙ্গে তুলনা করেছেন।

দারুণ ছন্দে আছেন বাবর আজম
এএফপি

সাবেক এই পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘বাবর আজম ব্যাটসম্যান এবং অধিনায়ক হিসেবে সব রেকর্ড ভেঙে দিতে পারে। অনেক দিন পর আমরা এমন কাউকে পেলাম যে তিন ফরম্যাটেই অনন্যসাধারণ। মোহাম্মদ ইউসুফ, ইনজামাম উল হক, সাঈদ আনোয়ার এবং জহির আব্বাসের পর তাদের মতো সেরা একজন ব্যাটসম্যানদের একজন হিসেবে আমরা তাঁকে পেয়েছি। তার ব্যাটিংয়ে দারুণ টেকনিক এবং নান্দনিকতা আছে। আর যে রান সে করছে তা তাকে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন করেছে।’

আরও পড়ুন

মিসবাহ মনে করেন, বাবর যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তবে ভবিষ্যতে বিরাট কোহলির মতো দারুণ সব অর্জন থাকবে তাঁর ঝুলিতে। মিসবাহ বলেছেন, ‘তার কাজের ধরন দারুণ। সে বেশ পরিশ্রমী, ম্যাচকে দারুণ বিশ্লেষণ করতে পারেন এবং চাপও বেশ ভালোভাবে সামলাতে পারেন। সে নিজের অনুশীলন ঠিকঠাক করে এবং নিজের দক্ষতাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি হওয়ার মতো সব রসদ তার মধ্যে আছে। যদি আগামী ৮ থেকে ১০ বছর এটা ধরে রাখতে পারে, তবে বিরাট কোহলি ভারতের জন্য যা অর্জন করেছে, সেটা সে–ও অর্জন করতে পারে।’

আরও পড়ুন