৪১ বলে ৮৫ রানের পর ১০০ বলে ১৫১, চমক দেখাচ্ছেন রাহুল দ্রাবিড়ের ছেলে

অন্বয় দ্রাবিড়এসএলসি

বাবা রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটের চিরস্মরণীয় বড় অধ্যায়। সেই পরিচিতির ছায়া থেকে বেরিয়ে নিজের সামর্থ্য জানান দিতে শুরু করেছেন তাঁর ছোট ছেলে অন্বয় দ্রাবিড়।

১৭ বছর বয়সী কর্ণাটক অনূর্ধ্ব–১৯ দলের এই অধিনায়কের দায়িত্ব সামলে ব্যাটিংয়ে মুগ্ধ হন অনেকেই। ভারতের ভিনু মানকড় ট্রফির এলিট পর্বের ম্যাচে গতকাল গুজরাট অনূর্ধ্ব–১৯ দলের ৩৫৭ রানের পাহাড়সম সংগ্রহ তাড়া করতে নেমে ১০০ বলে ১৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অন্বয়। দলকে জিতিয়েছেন ৫ উইকেটে।

ক্রিকেটে বড় লক্ষ্য তাড়া করার সময় শুধু প্রতিভা থাকলেই চলে না, প্রয়োজন ধৈর্য, চাপ সামলানোর ক্ষমতা এবং সঠিক সময়ে দায়িত্ব নেওয়ার মানসিকতা। গুজরাটের বিপক্ষে অন্বয়ের ইনিংসে তিনটি গুণেরই পরিচয় মিলেছে।

দলের একের পর এক উইকেট পড়ার পরও হাল ছাড়েননি ডানহাতি এ ব্যাটসম্যান। সতীর্থ ধ্রুব কৃষ্ণনকে সঙ্গে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দ্রাবিড়পুত্র।

কর্ণাটকের শুরুটা খুব একটা স্বস্তির ছিল না। উদ্বোধনী জুটিতে রোহিত রেড্ডি ও নীতিশ আর্য যোগ করেন ৩০ রান। ষষ্ঠ ওভারে নীতিশের বিদায়ের পর রোহিত ও ধ্রুব কৃষ্ণন দ্বিতীয় উইকেটে আরও ৩৩ রান যোগ করেন। কিন্তু ১২তম ওভারে রোহিত আউট হতেই কর্ণাটকের সামনে চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে ওঠে।

সেখান থেকেই ম্যাচের হাল ধরেন অন্বয় ও ধ্রুব। একদিকে উইকেট ধরে রাখা, অন্যদিকে রান তাড়ার গতি বজায় রাখা—দুইয়ের মধ্যে দারুণ ভারসাম্য রাখেন তাঁরা। তৃতীয় উইকেটে ২০৪ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই দুই ব্যাটসম্যান।

৩৮তম ওভারে ধ্রুব কৃষ্ণন আউট হলেও অন্বয়ের লড়াই থামেনি। সতীর্থের বিদায়ের পরও নিজের ছন্দ ধরে রাখেন এই উইকেটকিপার–ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে অনিকেত রেড্ডির সঙ্গে যোগ করেন আরও ৬১ রান।

শেষ পর্যন্ত ৪৪তম ওভারে থামে তাঁর ইনিংস। ততক্ষণে ১০০ বলে ১৫১ রান করে দলকে জয়ের একেবারে কাছে পৌঁছে দিয়েছেন অন্বয়। ইনিংসটি সাজান ২০টি চার ও ৩টি ছক্কায়।

আরও পড়ুন

অন্বয়ের ব্যাটে রানের বন্যা অবশ্য এই ম্যাচেই শুরু হয়নি। আগের ম্যাচে দিল্লি অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষেও বিধ্বংসী ব্যাটিং করেন অন্বয়। করেছিলেন মাত্র ৪১ বলে ৮৫ রান। ভারত অনূর্ধ্ব–১৯ দলের হয়েও খেলেছেন অন্বয়। চলতি বছরে খেলা ৪টি যুব ওয়ানডেতে সব মিলিয়ে করেন ১৪৮ রান।

কাল ১৫১ রান করেছেন অন্বয়
দিল্লি লায়ন্স

রাহুল দ্রাবিড়ের নাম ভারতীয় ক্রিকেটে জড়িয়ে আছে ধৈর্য, শৃঙ্খলা ও দায়িত্বশীল ব্যাটিংয়ের সঙ্গে। তাঁর ছেলে অন্বয়কে ঘিরে স্বাভাবিকভাবেই প্রত্যাশা আছে। তবে বিখ্যাত ক্রিকেটারের সন্তান হওয়া আর নিজের প্রতিভায় প্রতিষ্ঠিত হওয়া এক বিষয় নয়। দীর্ঘ পথ পাড়ি দিতে হলে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি কঠিন পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করতে হবে তাঁকে।

সেই যাত্রায় গুজরাটের বিপক্ষে অন্বয়ের ১৫১ রানের ইনিংস নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অধ্যায়। একই টুর্নামেন্টে কাল ১৭৩ রান করেছেন বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর শেবাগ। এই দুই ইনিংসই মনে করিয়ে দিচ্ছে, কিংবদন্তিদের উত্তরসূরিরা এখন নিজেদের গল্প লেখার পথে।

আরও পড়ুন