বোর্ড সভার সিদ্ধান্ত ছাপিয়ে আলোচনায় বিশ্বকাপ

বিসিবি কার্যালয়ে আজ বোর্ডসভা অনুষ্ঠিত হয়প্রথম আলো

সংবাদ সম্মেলনটা ছিল বিসিবির বোর্ড সভার পর। সেখানে শুরুতে জানানো হয় সভার সিদ্ধান্তগুলোই। টি–টুয়েন্টিতে লিটন দাস আর ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বের মেয়াদ বাড়ানো, মোহাম্মদ রফিককে বিসিবির স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ ও ঢাকা প্রিমিয়ার লিগের ভবিষ্যতের মতো বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল। কিন্তু শেষ দিকে এসে এত সবকিছু এক পাশে মুখ্য হয়ে উঠল টি–টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলা!

এ নিয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাব দিতে হয়েছে বিসিবির প্রতিনিধি হয়ে আসা চার পরিচালককে। তাঁদের মূল কথা অবশ্য এটাই, বিসিবির পক্ষ থেকে সব রকমের প্রস্তুতিই ছিল বিশ্বকাপ খেলার; কিন্তু সরকারের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ ছিল না তাঁদের।

জাতীয় দলের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন এ নিয়ে আজ মিরপুরে সাংবাদিকদের বলেন, ‘সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল তখন, সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ ছিল না।’

নিরাপত্তা কারণে সরকারের সিদ্ধান্তের পর তাঁদের অন্য কিছু বলার সুযোগ ছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘ওখানে আমাদের মতামতটা খুব গুরুত্বপূর্ণ ছিল না একটা পর্যায়ে গিয়ে।’  

বোর্ড সভার আলোচিত সিদ্ধান্তগুলোর বাইরে বোর্ডের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন এসেছে ঘুরেফিরে। গত বছর অক্টোবরে হওয়া নির্বাচনের অনিয়ম তদন্তে ৫ সদস্যের কমিটি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর মধ্যেই একে একে পদত্যাগ করেছেন চার পরিচালক।

আজ বোর্ড সভার পর পদত্যাগ করেছেন ডিসিপ্ল্যানারি কমিটির প্রধান ফাইয়াজুর রহমান। বিসিবির মিডিয়া কমিটির প্রধান মুখছেদুল কামাল বলেছেন, যেহেতু সবাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, তাই এ নিয়ে তাঁদের বলার তেমন কিছু নেই।

আরও পড়ুন

বোর্ডের ভবিষ্যৎ নিয়েও বর্তমান পরিচালনা পর্ষদের কোনো উদ্বেগ নেই বলে দাবি তাঁদের। বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা এ নিয়ে বলেছেন, ‘আপনারা দেখবেন, আমরা যতগুলো সিদ্ধান্ত নিয়েছি, সবগুলোই ভবিষ্যতের দিকে তাকিয়ে নেওয়া।’ সংবাদ সম্মেলনে ছিলেন বিসিবির আরেক পরিচালক ইফতেখার রহমান।

সর্বশেষ টি–টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের মেয়াদ ছিল লিটন দাসের। তাঁকে ২০২৮ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে আজকের বোর্ড সভায়, সহ–অধিনায়কও থাকছেন সাইফ হাসানই। ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের সঙ্গে সহ–অধিনায়ক করা হয়েছে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেনকে। তাঁদের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এদিকে বিসিবির স্পিন বোলিং কোচ হিসেবে মোহাম্মদ রফিককে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে ও বিসিবির অধীন থাকা স্পিন বোলিং কোচের ঘাটতি কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালদের জন্য পেনশন স্কিম চালু করতে একটি কমিটিও করা হয়েছে। কীভাবে তাঁদের পেনশন দেওয়া হবে, এ নিয়ে আগামী বোর্ড সভায় একটি প্রস্তাব দেবেন তাঁরা।

এ ছাড়া অনেক বছর ধরে বন্ধ থাকা ক্রিকেটার ও সাংবাদিকদের জন্য অ্যাওয়ার্ড নাইট পুনরায় চালুরও আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিসিবি। এ ছাড়া বিদেশে যাওয়ার জন্য এখন থেকে ক্রীড়া সাংবাদিকদের স্কলারশিপ দেবে তারা।

ঢাকা প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ নিয়ে অবশ্য চূড়ান্ত কিছু জানাতে পারেনি বিসিবি। তবে শেষ পর্যন্ত বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদকে ‘অবৈধ’ আখ্যা দেওয়া ক্লাবগুলোকে রাজি করাতে না পারলে বিকল্প ভাবার কথা বলেছেন তাঁরা।

আরও পড়ুন