আইপিএলে খেলার অনুমতি পেতে শ্রীলঙ্কার আদালতে তুষারা
আইপিএলে খেলার অনুমতি বা অনাপত্তিপত্র (এনওসি) না পেয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছেন লঙ্কান পেসার নুয়ান তুষারা। এ খবর জানিয়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম আদা দেরানা।
আইপিএলে চলতি মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলার কথা ছিল তুষারার। তবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় বোর্ড তাঁকে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায়। বোর্ডের এ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে আইপিএলে খেলার সুযোগ পেতে আদালতের শরণাপন্ন হয়েছেন এই পেসার।
তুষারা তাঁর মামলায় শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট শাম্মি সিলভা, সচিব বান্দুলা দিসানায়েকে, কোষাধ্যক্ষ সুজিওয়া গোডালিয়াড্ডা এবং সিইও অ্যাশলে ডি সিলভাকে বিবাদী করেছেন। কলম্বো জেলা আদালতে গত বৃহস্পতিবার বিষয়টি উত্থাপিত হওয়ার পর ৯ এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়েছে।
মামলায় তুষারা দাবি করেন, শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ গত ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। কেন্দ্রীয় চুক্তি নবায়ন না করতে এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা তিনি এরই মধ্যে নাকি বোর্ডকে জানিয়েছেনও।
অনাপত্তিপত্র না পাওয়া নিয়ে তুষারার যুক্তি হলো, তাঁর ক্যারিয়ারের অধিকাংশ সময় ফিটনেস লেভেল যেমন ছিল, এখনো তেমনই আছে। আগে এই ফিটনেস নিয়ে অনাপত্তিপত্র পেতে কোনো সমস্যা না হলেও এবার তাঁকে বাধা দেওয়া হচ্ছে, যা তিনি অযৌক্তিক মনে করছেন।
তুষারা আইপিএল খেলতে না পারলে বড় আর্থিক ক্ষতির শঙ্কাও দেখছেন। সর্বশেষ আইপিএল নিলাম থেকে তাঁকে ১ কোটি ৬০ লাখ রুপিতে কেনে বেঙ্গালুরু। তুষারা আদালতকে জানিয়েছেন, অনাপত্তিপত্র না পেলে তিনি বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন এবং ক্যারিয়ারের বড় সুযোগ হারাবেন।
২০২৫ আইপিএল মৌসুমেও তিনি বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন একটি।