শেফার্ডের হ্যাটট্রিক, হেটমায়ারের রেকর্ড—স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু ওয়েস্ট ইন্ডিজের

হ্যাটট্রিকসহ ৫ উইকেট পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ডএএফপি

হার দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হলো বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ডের। কলকাতার ইডেন গার্ডেনে ‘সি’ গ্রুপের ম্যাচে স্কটিশদের ৩৫ রানে হারিয়েছে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের জয়ে হ্যাটট্রিক করেছেন রোমারিও শেফার্ড, নিয়েছেন ৫ উইকেট। এর আগে ব্যাট হাতে টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন শিমরন হেটমায়ার।  

ওয়েস্ট ইন্ডিজ করেছিল ৫ উইকেটে ১৮২ রান। স্কটিশরা অলআউট ১৮.৫ ওভারে ১৪৭ রানে।

এক ফ্রেমে ওয়েস্ট ইন্ডিজের জয়ের দুই নায়ক রোমারিও শেফার্ড ও শিমরন হেটমায়ার
এএফপি

সবকিছু ঠিক থাকলে স্কটল্যান্ড নয়, এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ থাকত বাংলাদেশ। কিন্তু উগ্রবাদীদের হুমকির মুখে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বদলে যায় সবকিছু। ওই ঘটনার জেরে নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানায়, অনুরোধ জানায় ভেন্যু বদলের। আইসিসি সেই দাবি না মেনে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয় বিশ্বকাপে।

তড়িঘড়ি করে বিশ্বকাপ খেলতে যাওয়া সেই স্কটল্যান্ডের শুরুটা খারাপ ছিল না। টসে জিতে ফিল্ডিং নেওয়া দলটি পাওয়ারপ্লেতে ওয়েস্ট ইন্ডিজকে বেঁধে রাখে ৩৩ রানে। ক্যারিবীয়রা অবশ্য উইকেট হারায়নি। ব্রেন্ডন কিং ও শাই হোপের উদ্বোধনী জুটি ৮.২ ওভারে ৫৪ রান তোলে। অধিনায়ক হোপ ২২ বলে ১৯ রান করে বিদায় নেওয়ার পর উইকেটে আসেন হেটমায়ার। ৫৮ রানে আরেক ওপেনার কিংয়ের (৩০ বলে ৩৫) বিদায়ের পর রোভম্যান পাওয়েলকে নিয়ে ৩৭ বলে ৮১ রান যোগ করেন হেটমায়ার।

আরও পড়ুন
২২
টি–টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দ্রুততম ফিফটি এখন শিমরন হেটমায়াারের।

২২ বলে ফিফটি করে ক্রিস গেইলের রেকর্ড ভাঙা হেটমায়ার শেষ পর্যন্ত ৬ ছক্কায় ৩৬ বলে করেছেন ৬৪ রান। ২০০৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ বলে ফিফটি করেছিলেন গেইল। আজ হেটমায়ার ছাড়া পাওয়েল ১৪ বলে ২৪ ও শেরফান রাদারফোর্ড ১৩ বলে ২৬ রান করে শুরুর মন্থর ব্যাটিংয়ের ক্ষতি পুষিয়ে দেন।

হ্যাটট্রিক পুরো করার পর রোমারিও শেফার্ড
এএফপি

রান তাড়ায় ৩৭ রানে ৩ উইকেট হারানোর পর রিচি বেরিংটন (২৪ বলে ৪২) ও টম ব্রুসের (২৮ বলে ৩৫) ৭৮ রানের জুটিতে স্বপ্ন দেখতে শুরু করে স্কটল্যান্ড। কিন্তু টানা দুই ওভারে দুজনের বিদায়ে বিপদে পড়ে স্কটিশরা।

১৭তম ওভারে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়ে পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড পুরোপুরি গুঁড়িয়ে দেন স্কটল্যান্ডকে। প্রথম ক্যারিবীয় ও সব মিলিয়ে নবম বোলার হিসেবে টি-টুয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক পেলেন শেফার্ড। ৩ ওভারে ২০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ৩১ বছর বয়সী বোলার। টি-টুয়েন্টি বিশ্বকাপে যা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সেরা বোলিং। সেরা আকিল হোসেনের ৫/১১, ২০২৪ সালে প্রভিডেন্সে উগান্ডার বিপক্ষে।

আরও পড়ুন
ইতিহাসের অষ্টম বোলার হিসেবে আন্তর্জাতিক টি–টুয়েন্টি একাধিক হ্যাটট্রিক পেলেন রোমারিও শেফার্ড। শেফার্ডের প্রথম হ্যাটট্রিক গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে।

১৭তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ম্যাথু ক্রস ও ম্যাথু লিস্ককে পয়েন্ট ও লং অনে ক্যাচ বানান শেফার্ড। এরপর স্বীকৃত টি-টুয়েন্টিতে প্রথম ম্যাচ খেলতে নামা অলিভার ডেভিডসনকে বোল্ড করে হ্যাটট্রিক পেয়ে যান শেফার্ড। ১ বল বিরতির পর সাফিয়ান শরীফকে হোল্ডারের ক্যাচ বানিয়ে ৭৫ ম্যাচের আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট পেয়ে যান হোল্ডার।

শেফার্ডকে নিয়ে ওয়েস্ট ইন্ডিয়ানদের উল্লাস
এএফপি

১১ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ডের পরের ম্যাচ ৯ ফেব্রুয়ারি, কলকাতায় তাদের প্রতিপক্ষ নবাগত ইতালি।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৮২/৫ (হেটমায়ার ৬৪, কিং ৩৫, রাদারফোর্ড ২৬, পাওয়েল ২৪; কারি ২/২৩)।
স্কটল্যান্ড: ১৮.৫ ওভারে ১৪৭ (বেরিংটন ৪২, ব্রুস ৩৫; শেফার্ড ৫/২০, হোল্ডার ৩/৩০)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শিমরন হেটমায়ার।