বাংলাদেশের বিপক্ষে আগের দেখায় ফিফটি, এবার তিন বছরের অপেক্ষা শেষ হলো বৃষ্টিতে
ছবিটাই যেন সব বলে দিচ্ছিল। যতটা না হতাশা প্রকাশ পেয়েছে, তার চেয়ে বেশি ফুটে উঠেছে সেই অনুভূতিটা—কী হচ্ছে, কিছুই যেন বুঝে উঠতে পারছেন না!
মালয়েশিয়ার অলরাউন্ডার বিরানদীপ সিংয়ের এমন লাগাটাই কি স্বাভাবিক নয়?
এত বছর ধরে অপেক্ষা করেছেন, বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলবেন। অথচ বহুল প্রতীক্ষিত সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচটা ভেসে গেল বৃষ্টিতে। তার ওপর দলও বাদ পড়ে গেল এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট থেকে।
বাংলাদেশের বিপক্ষে মালয়েশিয়ার ম্যাচে কোনো যদি–কিন্তু ছাড়াই বাংলাদেশ ফেবারিট। ১০০ ম্যাচ খেললে হয়তো ৯৯ ম্যাচে বাংলাদেশই জিতবে। এরপরও ছোট্ট একটা আশা নিয়েই অপেক্ষায় ছিলেন বিরানদীপ।
তাঁর কষ্টটা আরও বেশি লাগার অন্য একটা কারণও আছে। এই দলটাকে যে এশিয়ান গেমস ক্রিকেটের বাছাইপর্ব, গ্রপ পর্ব পেরিয়ে এই পর্যন্ত আসতে হয়েছে। অন্যদিকে বাংলাদেশ, ভারতের মতো দল তো র্যাঙ্কিংয়ের কারণে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকেই যাত্রা শুরু করেছে। তাই বিরানদীপরা এশিয়ান গেমস–স্বপ্নের মধ্যে ঢুকেছিলেন অনেক দিন ধরেই।
বিরানদীপ সে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন এভাবে, ‘বাংলাদেশের বিপক্ষে আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ বাতিল হয়েছে, এই খবর যখন পেলাম, তখন আমি তোয়ালে জড়িয়ে ছিলাম। দুঃখের বিষয়, আমরা মাঠেই যেতে পারলাম না। একটা টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে আবার খেলার সুযোগের জন্য তিন বছর অপেক্ষা করেছি। কিন্তু মনে হয়, এবারও আমাদের কপালে ছিল না। সহযোগী দেশের ক্রিকেট সত্যিই কঠিন!’
বিরানদীপ সিং হয়তো প্রায় তিন বছরের অপেক্ষাটা গুনে গুনেই করেছেন! কারণ, ২০২৩ সালের ৪ অক্টোবর এশিয়ান গেমসের ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষেই একটি ম্যাচ খেলেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সেটিই ছিল তাঁর একমাত্র ম্যাচ।
সেই ম্যাচে বিরানদীপ খেলেছিলেন ৩৯ বলে ৫২ রানের দারুণ এক ইনিংস। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি জেতে মাত্র ২ রানে। সেদিন দলকে জেতাতে না পারার আক্ষেপ নিশ্চয়ই অনেক দিন বয়ে বেড়িয়েছেন বিরানদীপ।
আন্তর্জাতিক ক্রিকেটে বিরানদীপ আরেকটি কারণেও পরিচিত। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ৩,০০০ রান ও ১০০-এর বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন এই মালয়েশিয়ান অলরাউন্ডার। পরে এই তালিকায় তাঁর সঙ্গে যোগ দেন জিম্বাবুয়ের সিকান্দার রাজাও।