নিজেদের সঙ্গে লড়াই বাংলাদেশের পেসারদের, নিউজিল্যান্ডের জন্য রোমাঞ্চ

পেস বোলিং কোচ শন টেইটের সঙ্গে বাংলাদেশ দলের চার পেসার শরীফুল, মুস্তাফিজ, তাসকিন ও নাহিদশামসুল হক

আগের ম্যাচে দলের সেরা বোলার ছিলেন শরীফুল ইসলাম। দলের প্রতিনিধি হয়ে তিনি তাই দ্বিতীয় ওয়ানডের আগে এসেছিলেন সংবাদ সম্মেলনে। অথচ সেখানেই কি না তাঁকে দিতে হয়েছে—‘পরের ম্যাচে একাদশে সুযোগ মিলবে কি’—এমন প্রশ্নের উত্তর।


প্রশ্নটা যে খুব একটা অযৌক্তিক, এমনও নয়। কারণ, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের টসের কয়েক সেকেন্ড আগেও তাঁর জানা ছিল না ম্যাচটা খেলবেন তিনি। ডান হাঁটুতে মোস্তাফিজের হঠাৎ অস্বস্তির কারণেই সুযোগ মেলে শরীফুলের।


সেই ম্যাচে পারফর্ম করার পরও তাঁর একাদশে খেলা নিয়ে এই অনিশ্চয়তাটা মূলত তিনি যাঁর জায়গায় খেলছেন, তাঁর কারণেই। পুরোপুরি সুস্থ হয়ে ওঠা মোস্তাফিজুর রহমানকে তো আর একাদশের বাইরে রাখা যায় না!

শরীফুল অবশ্য গতকাল বলেছেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে যে ১৫ জন স্কোয়াডে আছি, সবাই তৈরি থাকি ম্যাচ খেলতে। এখন সিদ্ধান্ত কোচ নেবে।’ শুধু যে তিনি, তা–ই নয়। পেস বোলিং বিভাগে নিজেদের মধ্যেই এখন প্রতিদ্বন্দ্বিতাটা বেশ জমজমাট।

প্রথম ওয়ানডেতে শরীফুলের উইকেট উদ্‌যাপন
প্রথম আলো

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও শরীফুলই যেমন ওয়ানডে একাদশে সুযোগ পেয়েছেন ১৬ মাস পর। এই পুরোটা সময় বাইরে থেকেও অবশ্য কোনো অসন্তোষ নেই তাঁর। নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাটাই বরং উপভোগ করেন এই পেসার, ‘এখানে হতাশার কিছু নেই। যারা স্কোয়াডে আছে তারা ভালো, বাইরে যারা আছে তারাও। একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা আমাদের ক্রিকেটের জন্যই ভালো।’

শরীফুল যে সত্যি বলছেন, ওই প্রমাণ আছে পরিসংখ্যানেই। গত এক বছরে অন্তত ১০ ওয়ানডে খেলেছে, এমন দলগুলোর মধ্যে ওভারপ্রতি সবচেয়ে কম রান দিয়েছেন বাংলাদেশের পেসাররা। দলের জয়গুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাঁরা।

আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজেও তানজিদ হাসানের সঙ্গে যৌথভাবে সিরিজসেরা হয়েছেন নাহিদ রানাও। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেট পাওয়া শরীফুল ১০ ওভারে দেন মাত্র ২৭ রান।

নিউজিল্যান্ড পেসার নাথান স্মিথের উইকেট উদ্‌যাপন
প্রথম আলো

বাংলাদেশের মতো নিউজিল্যান্ডের জন্যও বড় শক্তি তাদের পেসাররা। গত এক বছরে ওয়ানডেতে সবচেয়ে ভালো বোলিং গড় তাঁদের। বাংলাদেশে অবশ্য এসেছে ভিন্ন একটা লক্ষ্য নিয়ে। অন্য সব বিভাগের মতো দলের প্রথম সারির পেসাররাও ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে।

প্রথম ওয়ানডেতেই দলটির হয়ে মাঠে নামা তিন পেসারের দুজনই ফিরেছেন দীর্ঘ চোট থেকে। এর মধ্যে গত বছর জুলাইয়ের পর প্রথম ওয়ানডে দিয়েই মাঠ ফিরেছেন উইল ও’রুর্ক। গোড়ালির চোট কাটিয়ে ওই ম্যাচের একাদশে ফেরা ব্লেয়ার টিকনার পেয়েছেন ৪ উইকেট।

আরও পড়ুন
দ্বিতীয় ম্যাচের জন্য তারা যে উইকেট বানাচ্ছে, মনে হচ্ছে পাকিস্তান সিরিজের মতোই হবে তা। যদি ভুল না করি, হয়তো কিছুটা গতি থাকবে।
নাথান স্মিথ, নিউজিল্যান্ড পেসার

দ্বিতীয় সারির কিউই পেস আক্রমণের সামনে অনেকটা আত্মসমর্পণই করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। বাংলাদেশের ভিন্ন এই কন্ডিশনে বোলিংটা উপভোগও করছেন কিউই পেসাররা। তাঁদেরই একজন নাথান স্মিথ গতকাল বলেছেন, ‘আমাদের জন্য সহায়ক নয়, এ রকম উইকেটেই আমরা খেলতে চাই। বুঝতে চাই কীভাবে এই ধরনের পিচে ইফেক্টিভ হওয়া যাবে। বাংলাদেশে এসে এমন চাপ সামলে নেওয়াটা আমাদের জন্য স্বস্তির।’

দ্বিতীয় ওয়ানডেতেই অবশ্য ভিন্ন উইকেটে খেলতে হতে পারে নিউজিল্যান্ডকে। তা গতকাল উইকেট দেখেই আঁচ করেছে তারা। এ নিয়ে রোমাঞ্চই ছিল স্মিথের কণ্ঠে, ‘দ্বিতীয় ম্যাচের জন্য তারা যে উইকেট বানাচ্ছে, মনে হচ্ছে পাকিস্তান সিরিজের মতোই হবে তা। যদি ভুল না করি, হয়তো কিছুটা গতি থাকবে।’

আরও পড়ুন