বাংলাদেশ সফরের পাকিস্তান দলের চার নতুন মুখ, কারা কেমন

পাকিস্তান টেস্ট দলের চার নতুনের একজন আজান আওয়াইসআইসিসি

আগামী মাসে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সেই সফরের জন্য শনিবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), যে দলে এখনো অভিষেক না হওয়া খেলোয়াড় আছেন চারজন।  

তাঁরা হচ্ছেন বাঁহাতি ওপেনার আবদুল্লাহ ফজল ও আজান আওয়াইস, পেস-বোলিং অলরাউন্ডার এমাদ বাট এবং উইকেটকিপার-ব্যাটসম্যান মুহাম্মদ গাজী ঘোরি। এর মধ্যে গাজী ঘোরির একটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে, বাকিরা আন্তর্জাতিক ক্রিকেটে একদম নতুন।

এমাদ বাট

৩০ বছর বয়সী এই পেস-বোলিং অলরাউন্ডার পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞদের একজন। ২০১৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া এমাদ বাট এখন পর্যন্ত এই সংস্করণে ৬৪টি ম্যাচ খেলেছেন। ব্যাটিংয়ে ২৩.৪৮ গড়ে ১০টি ফিফটি ও ১টি সেঞ্চুরিসহ ৯৫৮৩ রান করেছেন। আর ডানহাতি পেস বোলিংয়ে ২৫.৫৫ গড়ে নিয়েছেন ২০৫ উইকেট, যার মধ্যে ইনিংসে ৫ উইকেট আছে নয়বার, ম্যাচে ১০ উইকেট দুবার।

প্রথম শ্রেণির ক্রিকেটের রেকর্ড গড়া জয়ের পর সতীর্থ আলী উসমানের (ডানে) সঙ্গে এমাদ বাট
পিসিবি

সম্প্রতি প্রেসিডেন্টস ট্রফিতে পিটিভির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই প্রথমবার পাকিস্তান দলে ডাক পেয়েছেন এমাদ। টুর্নামেন্টটিতে সাত ম্যাচে ১৯.২১ গড়ে দলের হয়ে সর্বোচ্চ ৩২ উইকেট নেন তিনি, ব্যাট হাতে করেন ২০৬ রান। এসএনজিপিএল-পিটিভি ম্যাচে একটি বিশ্ব রেকর্ড গড়া জয়েও অবদান ছিল তাঁর। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে জয়ের রেকর্ড। প্রতিপক্ষকে মাত্র ৪০ রানের লক্ষ্য দিয়েই জিতে যায় পিটিভি, যে জয়ের পথে এমাদ নেন ৪ উইকেট।

আরও পড়ুন

আবদুল্লাহ ফজল

২৩ বছর বয়সী এই ওপেনার চলতি মৌসুমের প্রেসিডেন্টস ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। স্টেট ব্যাংক অব পাকিস্তানের হয়ে সাত ম্যাচে ৫১.৮৩ গড়ে ৬২২ রান করেন, যার মধ্যে ছিল দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি। এর আগে ন্যাশনাল টি-টুয়েন্টি কাপেও দারুণ ফর্মে ছিলেন তিনি—চার ম্যাচে ১৬৭.২৫ স্ট্রাইক রেটে করেন ১৮৯ রান।

ওপেনার আবদুল্লাহ ফজল
পিসিবি

২০২৪ সালে প্রথম শ্রেণির অভিষেকের পর থেকে ফজল এখন পর্যন্ত ৪১.৫৪ গড়ে ১৮২৮ রান করেছেন, যেখানে আছে চারটি সেঞ্চুরি ও দশটি ফিফটি। বর্তমানে তিনি পিএসএলে রাওয়ালপিন্ডিজের হয়ে খেলছেন।

আরও পড়ুন

আজান আওয়াইস  

২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা আওয়াইজ সে বছরই প্রথম শ্রেণির ক্রিকেটে পা রাখেন। প্রথম মৌসুমেই কায়েদ-ই-আজম ট্রফিতে দুর্দান্ত ব্যাটিং করেন এই বাঁহাতি। ৭৬.৭২ গড়ে করেন ৮৪৪ রান, যা টুর্নামেন্ট-সর্বোচ্চ। চারটি সেঞ্চুরি ও দুটি ফিফটিতে এই রান তোলেন তিনি। শেষ পর্যন্ত টুর্নামেন্টও জেতে তাঁর দল শিয়ালকোট। একই মৌসুমের প্রেসিডেন্টস ট্রফিতে ৪১.২৮ গড়ে করেন ৫৭৮ রান, যেখানে ছিল দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি। সব মিলিয়ে দুই বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি ৩৩ ম্যাচে ৪৮.৬০ গড়ে ২৬৭৩ রান করেছেন, যার মধ্যে আছে ১০টি সেঞ্চুরি ও ৯টি ফিফটি।

আরও পড়ুন

মুহাম্মদ গাজী ঘোরি  

মার্চে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয়েছে গাজী ঘোরির। এবার টেস্ট দলেও ডাক পেয়েছেন প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্স দিয়ে। টুর্নামেন্টটিতে ৭ ম্যাচে ৪৮.২৭ গড়ে ৫৩১ রান করেন গাজী, যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। স্ট্রাইক রেটও ছিল আধুনিক ক্রিকেটের সঙ্গে মানানসই—৮৫.৯২।

বাংলাদেশেই আন্তর্জাতিক অভিষেক হয়েছে গাজী ঘোরির
এএফপি

২০২৩ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকে ২৩ বছর বয়সী এই ক্রিকেটার এখন পর্যন্ত ২৬ ম্যাচে ৪১.২৬ গড়ে করেছেন ১৬৯২ রান, যার মধ্যে আছে ৩টি সেঞ্চুরি ও ১০টি ফিফটি।

আরও পড়ুন