নতুন ব্যাটিং কোচ পেল পাকিস্তান
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও কোচ মাইকেল স্মিথকে দুই বছরের চুক্তিতে জাতীয় পুরুষ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ বিষয়টি নিশ্চিত করে পিসিবি।
৪৬ বছর বয়সী স্মিথ পাকিস্তানের সাদা ও লাল বলের সংস্করণে দলের সঙ্গে কাজ করবেন। কয়েক মাস ধরে দলটির বিশেষায়িত এই পদের জায়গাটি ফাঁকা ছিল। গত সপ্তাহে তারোবায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে প্রথম টেস্টে পাকিস্তানের হারের পর বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগের দাবি আরও জোরালো হয়। ১৯ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচ টেস্ট সিরিজের আগেই পাকিস্তান স্কোয়াডে যোগ দেবেন স্মিথ।
পাকিস্তান টেস্ট দলে উমর গুল দীর্ঘদিন ধরে বোলিং কোচের দায়িত্ব পালন করলেও কোনো সংস্করণে পূর্ণকালীন ব্যাটিং কোচ ছিল না। জাতীয় নির্বাচক আসাদ শফিক মাঝেমধ্যে এ দায়িত্ব সামলেছেন। তবে এবার স্থায়ীভাবে সেই দায়িত্ব বুঝে নিচ্ছেন স্মিথ।
দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে কখনো খেলার সুযোগ না হলেও কোচ হিসেবে স্মিথের ঝুলিতে রয়েছে বেশ ভালো অভিজ্ঞতা। ‘লেভেল-৪’ ডিগ্রিধারী এই কোচ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ সুনাম কুড়িয়েছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস ও মুলতান সুলতানসের হয়ে কাজ করায় পাকিস্তান ক্রিকেট সম্পর্কেও তাঁর দারুণ জানাশোনা আছে।
অস্ট্রেলিয়ার ঘরোয়া দল হোবার্ট হারিকেনস ও ক্রিকেট তাসমানিয়ার ব্যাটিং কোচের দায়িত্ব পাল ছাড়াও দক্ষিণ আফ্রিকার কেজেডএন ইনল্যান্ড এবং ইস্টার্ন প্রভিন্সের কনসালট্যান্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে স্মিথের।
খেলোয়াড়ি জীবনে ২০০৩ থেকে ২০১৩ সালের মধ্যে ৮৯টি প্রথম শ্রেণির ম্যাচ, ৭২টি লিস্ট ‘এ’ এবং ১৬টি টি-টুয়েন্টি খেলেন স্মিথ। ডানহাতি এই ব্যাটসম্যান সব সংস্করণ মিলিয়ে ৯টি সেঞ্চুরি, ৪০টি ফিফটিসহ ৭০২৯ রান করেছেন।
স্মিথের প্রথম বড় চ্যালেঞ্জ হবে সাম্প্রতিক বছরগুলোয় ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা পাকিস্তান ব্যাটিংকে চেনা ছন্দে ফিরিয়ে আনা। ২০২৩-২৪ মৌসুমে অস্ট্রেলিয়া সফর থেকে শুরু করে দেশের বাইরে পরপর ৮টি টেস্টে হেরেছে পাকিস্তান। আগামী ইংল্যান্ড সফর তাই টেস্ট ক্রিকেটে নিজেদের ভাগ্যের চাকা ঘোরানোর পাশাপাশি ওই ঘাটতিগুলো পুষিয়ে নেওয়ার প্রথম সুযোগ এনে দিচ্ছে দলটিকে।