পিএসএলে বসে মঈন আলী জানালেন কেন আইপিএল ছেড়েছেন
টানা আট বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা মঈন আলী এ বছর খেলছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অন্যতম ভরসা হয়ে ওঠা এই ইংলিশ অলরাউন্ডার কেন হঠাৎ আইপিএল ছেড়ে পিএসএলকে বেছে নিলেন, এ নিয়ে কৌতূহল ছিল অনেকের। অবশেষে বর্তমানে পাকিস্তানে অবস্থানরত মঈন নিজেই পরিষ্কার করলেন সেই কারণ।
৩৮ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছেন, আইপিএল ছেড়ে পিএসএলে আসার পেছনে মূল কারণ ছিল ব্যাটিং করার সুযোগ এবং নিজের খেলার ধারাবাহিকতা বজায় রাখা। গত মৌসুমে কলকাতার হয়ে হয়ে খেললেও মাঠে নামার বা ব্যাটিং করার খুব বেশি সুযোগ পাননি তিনি। বেশির ভাগ সময় তাঁকে ডাগআউটে বসে থাকতে হয়েছে অথবা ব্যাটিং অর্ডারের অনেক নিচে নামতে হয়েছে।
২০১৮ সালে আইপিএলে যোগ দেওয়া মঈন প্রথম তিন মৌসুম ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। এরপর চেন্নাইয়ে টানা চার মৌসুম খেলার পর গত বছর ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। এর মধ্যে সর্বশেষ দুই আসরে তিনি মাঠে নামার সুযোগ পেয়েছেন যথাক্রমে ৮ ও ৬ ম্যাচে।
এআরওয়াই পডকাস্টে ম্যাচ কমে যাওয়ার প্রসঙ্গ টেনে মঈন বলেন, ‘গত বছর আইপিএলে আমি মাত্র অর্ধেক ম্যাচ খেলেছি এবং ব্যাটিং করার সুযোগ পেয়েছি মাত্র দুবার। জীবনের এই পর্যায়ে এসে আমি মাঠে থাকতে চাই, আমি ব্যাটিং করতে চাই।’
পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ডের এই ক্রিকেটার জানান, আইপিএলের দুই–আড়াই মাসের তুলনায় পিএসএল এক মাসে শেষ হওয়াও আরেকটি কারণ, ‘আমার বয়স এখন ৩৮ বছর, আমি এখনো খেলে যেতে চাই, ভালো করতে চাই এবং নিজের ক্যারিয়ারকে যতটা সম্ভব দীর্ঘ করতে চাই। এখানে আসার পেছনে করাচি একটি বড় কারণ ছিল। এই টুর্নামেন্টটা তুলনামূলক ছোট, যা আমার এবং আমার পরিবারের জন্য বেশি সুবিধাজনক।’
এবারের পিএসএলে করাচি কিংসের হয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ব্যাট হাতে ১৩২ রান এবং বল হাতে ৪ উইকেট নিয়েছেন মঈন। আইপিএলের ৯ মৌসুমে ৭৩ ম্যাচে তাঁর রান ১১৬৭, উইকেট ৪১টি।