প্রিমিয়ার লিগের দলবদল: এবারও কি শিরোপার লড়াই আবাহনী-মোহামেডানের
সারা বছর এমনিতে চুপচাপই থাকে বিসিবি ভবনের সিসিডিএম কার্যালয়। নীরব এই জায়গাই প্রতিবছর সরব হয়ে উঠে দলবদল এলে। এবার এই উপলক্ষ ক্রিকেটারদের জন্য ছিল আরও বেশি কাঙ্ক্ষিত—আমিনুল ইসলামের বোর্ডকে ‘অবৈধ’ দাবি করে লিগই যে বয়কটের ঘোষণা দিয়েছিল ক্লাবগুলো!
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর প্রিমিয়ার লিগটাও তাই অনিশ্চিতই হয়ে গিয়েছিল। আমিনুলের কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবাল অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার পর সেই অচলায়তন কেটেছে। আমিনুলের বোর্ডের সঙ্গে লড়াইয়ে ‘জয়ী’ হয়েছে ক্লাবগুলো।
আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের দুই দিনের দলবদলের প্রথম দিনটাও শেষ হয়েছে। অনলাইন ও সরাসরি মিলিয়ে ৭৯ ক্রিকেটার দলবদল করেছেন। সেই উপলক্ষে সিসিডিএম কার্যালয়ে মানুষের ভিড় ছিল আজ সকাল থেকেই, আগ্রহ ছিল সংবাদমাধ্যমেরও।
হাসিমুখ নিয়েই তাদের সামনে কথা বলেছেন ক্রিকেটাররা। দলবদলে উৎসবের একটা আবহও ছিল কখনো কখনো। তবে একটু আড়াল হলেই ক্রিকেটারদের মুখে ছিল হতাশার কথা। এবারের লিগে অবনমন না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, হবে না সুপার লিগও। বেশির ভাগ দলই তাই চাইছে বিসিবির বরাদ্দ করা ২৫ লাখ টাকা অনুদানের বাইরে খুব বেশি খরচ না করতে।
সব ক্রিকেটাররাই তাই এবার প্রায় অর্ধেক পারিশ্রমিকে খেলছেন। প্রথম সারির ক্রিকেটারদের বাইরে বাকিদের ক্ষেত্রে অঙ্কটা কমেছে আরও। অবস্থা এমন, যা টাকা পাওয়া যাচ্ছে, এ নিয়ে অভিযোগ জানাতে গিয়ে তা হারানোর ঝুঁকিটাও নিতে চাইছেন না ক্রিকেটাররা।
ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন অবশ্য বলছেন, ‘লিগটা যে শেষ পর্যন্ত হচ্ছে, এটাই তো একটা বড় স্বস্তি। পরিস্থিতি যে রকম ছিল, তাতে লিগ না হলে তো আরও বড় ক্ষতি হতো। এখন তো অন্তত অর্ধেকটা হলেও কাজ হয়েছে। সবাই খেলার ভেতরও আছে।’
প্রিমিয়ার লিগে কাগজে–কলমে এবার শিরোপার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানই। তাদের সঙ্গে প্রাইম ব্যাংকের নামটাও থাকবে। প্রথম দিন মোহামেডান দলে ভিড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যান এনামুল হককে, এবার ক্লাবটির হয়ে খেলবেন মোহাম্মদ নাঈম ও পারভেজ হোসেনও। লেগ স্পিনার রিশাদ হোসেন ও তরুণ পেসার রিপন মণ্ডলও দলটিতে নাম লিখিয়েছেন আজ।
গত আসরে মোহামেডানের হয়ে খেলা মাহমুদউল্লাহ এবার খেলবেন প্রাইম ব্যাংকের হয়ে। লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে জাতীয় দলের দুই তারকা তানজিদ হাসান আর তানজিম হাসানকেও দলে নিয়েছে তারা। গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী পুরোনোদের বেশির ভাগকেই ধরে রেখেছে। এবার দলটিতে এসেছেন সৌম্য সরকার, জাকের আলী, সাব্বির রহমানের মতো জাতীয় দলের ক্রিকেটাররাও।
এই তিনটি দলের বাইরে এবার ভালো দল গড়েছে নবাগত ঢাকা লেপার্ডও। মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুনের মতো পরীক্ষিত ক্রিকেটারদের বাইরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বশেষ আসরে খেলা কয়েকজন ক্রিকেটারকে দলে নিয়েছে তারা। বাকি দলগুলো প্রথম দিনে খুব একটা সরব ছিল না।