‘ডি থ্রি ট্রফি’তে কে কোন দলের কোচ

আজ ম্যানেজম্যান্ট ড্রাফটের মাধ্যমে কোচিং স্টাফের সদস্যদের বেছে নিয়েছে দলগুলোবিসিবি

টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে গত পরশু। আজ মিরপুরে ‘ডি থ্রি ট্রফি’র জন্য ম্যানেজমেন্ট ড্রাফটও করেছে বিসিবি। ড্রাফট থেকে একজন করে প্রধান কোচ, দুজন সহকারী কোচ, একজন ফিজিও, একজন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ও একজন অ্যানালিস্ট নিয়েছে ছয়টি দল।

ঘরোয়া ক্রিকেট কাঠামোতে বদল এনে তিন সংস্করণের আলাদা আলাদা টুর্নামেন্টকে একসঙ্গে করে ‘ডমেস্টিক থ্রি ট্রফি’ বা ‘ডি থ্রি ট্রফি’ আয়োজন করবে বিসিবি। ১৫ ডিসেম্বর টি–টুয়েন্টি টুর্নামেন্ট দিয়ে শুরু হবে এটি। জানুয়ারিতে চার দিনের ও মে মাসে হবে এক দিনের ম্যাচের সংস্করণ। ছয়টি দলের জন্য ছয়টি প্রতিষ্ঠানকে বছরে আড়াই কোটি টাকার বিনিময়ে তিন বছরের জন্য স্বত্বাধিকার দিয়েছে বিসিবি।

ড্রাফটে এইস ব্লুস্টার সোহেল ইসলামকে, একমি রাজিন সালেহকে, সিটিজেনস ব্যাংক মিজানুর রহমানকে, ফরচুন গ্রুপ মোহাম্মদ সালাহউদ্দীনকে, সেভেন রিংস সিমেন্ট তালহা জুবায়েরকে ও ওয়ালটন গ্রুপ আবদুর রাজ্জাককে প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে হওয়া ড্রাফটে বিসিবি দলগুলোর সামনে সব মিলিয়ে ৩৫ জন কোচের তালিকা দেয়। সেখান থেকেই দলগুলো তাদের কোচিং স্টাফ সদস্যদের বেছে নেয়।

জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ও বোলিং কোচ তালহা দুজনই আছেন ডি থ্রি ট্রফির কোচের দায়িত্বে। বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, জাতীয় দলের ব্যস্ততা না থাকলেই তাঁরা ডি থ্রি ট্রফিতে কাজ করবেন। দলগুলো চাইলে কোনো কোচের অনুপস্থিতিতে ড্রাফট থেকে দল না পাওয়া অন্য কোচকেও নিতে পারবে।

সহকারী কোচদের মধ্যে সেভেন রিংস সিমেন্ট হুমায়ুন কবির ও হান্নান সরকার, একমি গ্রুপ ফয়সাল হোসেন ও তারেক আজিজ, ওয়ালটন ডলার মাহমুদ ও তুষার ইমরান, ফরচুন গ্রুপ আবদুল কাইয়ুম ও মোহাম্মদ আশরাফুল, সিটিজেনস ব্যাংক মোহাম্মদ সেলিম ও নাজমুল হোসেন এবং এইস ব্লু স্টার আশিকুর রহমান ও সালাউদ্দীন আহমেদকে বেছে নিয়েছে।

আরও পড়ুন