সেমিফাইনালে উঠতে পাকিস্তানকে প্রার্থনার সঙ্গে যা করতে হবে

ইংল্যান্ডের কাছে হারের পর হতাশ পাকিস্তান দল। গতকাল রাতে পাল্লেকেলে স্টেডিয়ামেএএফপি

টি-টুয়েন্টি বিশ্বকাপে গতকাল রাতে সুপার এইটে ইংল্যান্ডের কাছে ২ উইকেটে হারে পাকিস্তান। এই জয়ে ইংল্যান্ড যেমন সেমিফাইনালে উঠল, তেমনি পাকিস্তানের সেমিফাইনালে ওঠার পথ বেশ কঠিন হয়ে গেল। তবে সুযোগ একেবারে শেষ হয়ে যায়নি।

‘গ্রুপ ২’ থেকে সুপার এইটে আর একটি ম্যাচ খেলবে পাকিস্তান। পাল্লেকেলেতে আগামী শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে সালমান আগার দল। সুপার এইটের গ্রুপ ২ থেকে এটাই শেষ ম্যাচ। সেমিফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে পাকিস্তানকে সবার আগে এই ম্যাচ জিততে হবে।

তবে শুধু এই জয়ই পাকিস্তানকে শেষ চারে ওঠার টিকিট পাইয়ে দেবে না। গ্রুপ ২ থেকে অন্য ম্যাচের ফলেও তাকিয়ে থাকতে হবে পাকিস্তানকে। প্রার্থনা করতে হবে যেন অন্য ম্যাচের ফল তাদের সমীকরণের পক্ষে যায়।

সবার আগে গ্রুপ ২ পয়েন্ট তালিকায় তাকানো যাক। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড (১.৪৯১)। ১ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড (০.০০০)। এ গ্রুপ থেকে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগ করেছিল দুই দল। পাকিস্তান (-০.৪৬১) দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয়। ১ ম্যাচে ০ পয়েন্ট নিয়ে চতুর্থ শ্রীলঙ্কা (-২.৫৫০)। ইংল্যান্ড ও পাকিস্তান এই গ্রুপ থেকে আর একটি করে ম্যাচ খেলবে। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা খেলবে দুটি করে ম্যাচ। ৮ দলের এই সুপার এইটে দুটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে।

প্রথম আলো গ্রাফিকস

পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সমীকরণ

দৃশ্যপট ১

ধরে নেওয়া যাক, পাকিস্তান তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাল। তখন পাকিস্তানকে প্রার্থনা করতে হবে নিউজিল্যান্ড যেন তাদের দুই ম্যাচে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে হেরে যায়। তাহলে গ্রুপ ২–এর পয়েন্ট তালিকা হবে এমন—ইংল্যান্ড ৬ পয়েন্ট, পাকিস্তান ৩ পয়েন্ট, শ্রীলঙ্কা ২ পয়েন্ট ও নিউজিল্যান্ড ১ পয়েন্ট। তখন গ্রুপ ২–এর দ্বিতীয় সেরা দল হিসেবে সেমিফাইনালে উঠবে পাকিস্তান।


দৃশ্যপট ২

ধরে নেওয়া যাক,নিউজিল্যান্ড তাদের বাকি দুই ম্যাচের একটিতে জিতল এবং অন্যটিতে হারল। আর পাকিস্তান তাদের শেষ ম্যাচে জিতল শ্রীলঙ্কার বিপক্ষে। তখন পাকিস্তান ও নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট হবে। এ পরিস্থিতিতে রানরেটে শ্রেয়তর দল গ্রুপ ২ থেকে দ্বিতীয় সেরা দল হিসেবে উঠবে সেমিফাইনালে।

আরও পড়ুন

দৃশ্যপট ৩

শ্রীলঙ্কার কাছে হারলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার আশা শেষ হয়ে যাবে।

দৃশ্যপট ৪

এই সমীকরণ খুব অদ্ভুত! ধরে নেওয়া যাক, শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেল। তাহলে মোট দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ২ পয়েন্ট নিয়ে সুপার এইট পর্ব শেষ করবে পাকিস্তান। কলম্বোয় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচও যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে স্বাগতিকদের সংগ্রহ হবে মোট ২ পয়েন্ট।

প্রথম আলো গ্রাফিকস

নিউজিল্যান্ড তাদের অপর ম্যাচে যদি ইংল্যান্ডের কাছে হারে, তাহলে শ্রীলঙ্কার মতো তারাও দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়া থেকে মোট ২ পয়েন্ট পাবে। তখন পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে রানরেটে এগিয়ে থাকা দল উঠবে সেমিফাইনালে।

আরও পড়ুন