ইফতেখার রহমানের মেরুন ব্লেজারের ছবিটা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল গতকাল রাতেই। বয়স ২৩ বছর, এবারের জাতীয় ক্রিকেট লিগে তিনিই সবচেয়ে কম বয়সী অধিনায়ক। দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ব্লেজার গায়ে চাপিয়ে টস করতে নামার সংস্কৃতি শুরুর অংশ হতে পারার রোমাঞ্চটা অন্য অধিনায়কের তুলনায় বরিশালের অধিনায়কের তাই একটু বেশিই অনুভব করার কথা।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তাঁর সঙ্গে টস করতে দাঁড়িয়েছিলেন খুলনার অধিনায়ক অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। একই রোমাঞ্চে যে তিনিও রোমাঞ্চিত, সেটি বোঝা গেছে ওই সময় মিঠুনের চওড়া হাসিতে। আজ দেশের চারটি ভেন্যুতে একযোগে শুরু হওয়া জাতীয় লিগের সব ম্যাচের শুরুটাই ও রকম রঙিন, ৮ অধিনায়কই টস করতে নেমেছেন ব্লেজার গায়ে।
আলাদা ক্যাপ, হেলমেট, অধিনায়কদের ব্লেজার; এ রকম অনেক সংযোজন এবারের জাতীয় লিগটাকে এনে দিয়েছে নতুন মাত্রা। ক্রিকেটারদের আর্থিক প্রাপ্তিও বাড়ছে। বছরখানেকের ব্যবধানে প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি প্রায় দ্বিগুণ হয়েছে, বেড়েছে ক্রিকেটারদের বেতনও। তবে সুযোগ–সুবিধার সঙ্গে ক্রিকেটারদের ওপর ভালো খেলার অদৃশ্য চাপও থাকবে নিশ্চিত। খারাপ পারফর্ম করলেই যে নেমে যেতে হবে ৭ অক্টোবর প্রথমবারের মতো শুরু হতে যাওয়া ‘জাতীয় লিগের সেকেন্ড ইলেভেনে’!
আবার জাতীয় লিগের প্রায় সমান্তরালে চলা তিন দিনের ম্যাচের এই টুর্নামেন্টে কেউ ভালো খেললে তিনিও কড়া নাড়তে পারেন প্রথম শ্রেণির ক্রিকেটের মূল দলে।
আমিরাতে জাতীয় দলের সঙ্গে থাকা তারকা ক্রিকেটারদের ছাড়া জাতীয় লিগের প্রথম দিনটা অবশ্য মাঠে তেমন রোমাঞ্চ ছড়াতে পারেনি। ব্যাটসম্যানদের কারও সেঞ্চুরি নেই, বোলারদেরও নেই ৫ উইকেট, কোনো দল অলআউটও হয়নি।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের ম্যাচে ঢাকার বিপক্ষে রংপুরকেই পরীক্ষা দিতে হয়েছে বেশি। চোট, জাতীয় দলের ব্যস্ততা মিলিয়ে দলের বেশির ভাগ মূল ক্রিকেটারই ছিলেন না। দুই ওপেনার অনিক সরকার আর মিম মোসাদ্দেক ফিফটি করার পরও লিগের বর্তমান চ্যাম্পিয়নরা প্রথম দিন শেষে ঢাকার বিপক্ষে ৬ উইকেটে ২২৯ রান করেছে।
অন্য তিন ম্যাচের অবস্থাও প্রায় একই। সকালের দিকে ব্যাটসম্যানরা ভালো শুরু করলেও সেটি ধরে রাখতে পারেননি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে রাজশাহীর দুই ওপেনার যেমন খুব ভালো শুরু পেয়ে ফিফটিও করে ফেলেছিলেন। ১১৪ রানের জুটি গড়ার পর টি–টুয়েন্টি ক্রিকেটে ঝোড়ো ব্যাটিংয়ের জন্য পরিচিত হাবিবুর রহমান ৭৫ রানে আউট হয়ে গেছেন, আরেক ওপেনার সাব্বির হোসেন করেছেন ৭১। দিন শেষে ৬ উইকেটে রাজশাহীর রান ২৮৯।
বরিশালের বিপক্ষে প্রথম দিনে খুলনার ব্যাটসম্যানরা অবশ্য খারাপ করেননি। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে গতবার অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে খেলা কালাম সিদ্দিকীও সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। কালাম ৯২ এবং মিঠুন ৮৯ রানে আউট হয়েছেন। ৫ উইকেটে ৩২৮ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ময়মনসিংহের ব্যাটসম্যানদের দিনটা খারাপই কেটেছে। ওপেনার মাহফিজুল ইসলাম ছাড়া ফিফটি পাননি আর কেউ। শেষ বিকেলে ৪৬ রান করে অপরাজিত থাকা আবু হায়দারের কারণেই অলআউট হয়নি ময়মনসিংহ। সিলেটের বিপক্ষে প্রথম দিন শেষে তাদের রান ৭ উইকেটে ২৭৩।
জাতীয় দল, এমনকি আশপাশে থাকা বোলারদের বেশির ভাগও খেলছেন না জাতীয় লিগের প্রথম রাউন্ডে। তারপরও ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন পথচলার প্রথম দিনটা ব্যাটসম্যানদের জন্য একটু হতাশারই হলো। রোমাঞ্চ বলতে থাকল শুধু জাতীয় লিগের নতুনত্বটাই।