পেসার মৃত্যুঞ্জয় যখন ‘স্পিনার’

গতকাল জাতীয় দলে ডাক পান মৃত্যুঞ্জয় চৌধুরীশামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বলে ফুল রানআপে পেস বোলিং করছেন। তবে একটু পুরোনো হলে স্পিন। সদ্য জাতীয় দলে ডাক পাওয়া মৃত্যুঞ্জয় চৌধুরী অবশ্য সেটাকে স্পিন বলতে রাজি নন। তাঁর ভাষায় এটি ছোট রানআপের বোলিং। অধিনায়ক নুরুল হাসানের সঙ্গে পরিকল্পনা করেই নাকি মৃত্যুঞ্জয়ের এই ভিন্ন ধাঁচের বোলিং করা। দুই রকম বোলিংয়ের উদ্দেশ্য একটাই, ব্যাটসম্যানকে ধন্দে রাখা।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী ও শেখ জামালের ম্যাচের ঘটনা এটি। শেখ জামালের মৃত্যুঞ্জয় ৯ ওভারের মধ্যে ৩ ওভার ছোট রানআপে করেছেন। এর আগে বিকেএসপিতেও এক ম্যাচে ছোট রানআপে বোলিং করেছেন। আজ আবাহনীর জয়রথ থামানোর ম্যাচ শেষে মৃত্যুঞ্জয়ের দুই রকম বোলিংয়ের কারণ জানতে চাওয়া হয়।

আরও পড়ুন

মৃত্যুঞ্জয়ের যুক্তি ছিল এমন, ‘স্পিন চেষ্টা করছি না। আজকের উইকেটটা ওই রকম ছিল। স্পিন না ঠিক, কাছ থেকে জোরে বল করে যদি দুজন ব্যাটসম্যানকে আউট করতে পারি, সে ক্ষেত্রে আমাদের জন্য ভালো হতো। পরবর্তী সময়ে মোসাদ্দেক আউট হয়ে গেল, যেটা আমাদের জন্য ভালো হয়েছে।’

মৃত্যঞ্জয় চৌধুরী, আজ শেখ জামালের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ ম্যাচে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে
প্রথম আলো

ব্যাটসম্যানকে গতি দিয়ে চমকে দেওয়ার পরিকল্পনাও ছিল তাতে, ‘আজকে যদি দেখেন, মিডল ওভারে কিন্তু বল স্পিন করছিল। যেহেতু আমি জোরে বল করতে পারি, ছোট রানআপে যদি জোরে করতে পারি, সেটা ব্যাটসম্যানের জন্য খুব কঠিন হবে। এই চেষ্টাটাই ছিল।’

আরও পড়ুন

মৃত্যুঞ্জয় যা করেছেন, সেটি অবশ্য কাজে দিয়েছে। বল হাতে ২ উইকেট নেওয়ার দিন জিতেছে তাঁর দল শেখ জামাল। থামিয়েছে টানা ৮ ম্যাচ জিতে উড়তে থাকা আবাহনীকে।

আজ ২ উইকেট নেন মৃত্যুঞ্জয়
প্রথম আলো

আগে ব্যাট করে আজ আবাহনী ৯ উইকেটে ২৫০ রান করেছে। সে রান ইনিংসের ৪৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে টপকে যায় শেখ জামাল। শেখ জামালের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন তাওহিদ হৃদয়। তাইবুর রহমানের ব্যাট থেকে এসেছে ৬৩ রান।

আবাহনী এবারের মৌসুমে এই প্রথম হারের স্বাদ পেল, অন্যদিকে এ নিয়ে ৯ ম্যাচে অষ্টম জয় পেল শেখ জামাল। যদিও রানরেটে এগিয়ে থাকা আবাহনীই আছে পয়েন্ট তালিকার শীর্ষে।