ধবলধোলাই হওয়ার শঙ্কা নিয়েই আজ কলম্বোর পি সারা ওভালে তৃতীয় টি-টোয়েন্টিটা খেলতে নেমেছিল শ্রীলঙ্কা নারী দল। শঙ্কা-টঙ্কা দূর করে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটা কী দাপটেই না জিতল লঙ্কানরা। ১০ উইকেটের জয়ে এক গাদা রেকর্ডও সঙ্গী হয়েছে চামারি আতাপাত্তুদের।
মেয়েদের টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান তাড়া করে ১০ উইকেটে জয়ের নতুন রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা নারী দল। নিউজিল্যান্ডকে ১৪০ রানে থামিয়ে লক্ষ্যটা ৩৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় দলটি। লঙ্কান মেয়েরা ভেঙেছেন নিউজিল্যান্ডেরই রেকর্ড। ২০১৮ সালে ডাবলিনে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছিল কিউই নারী দল, সেবার তাদের লক্ষ্য ছিল ১৩৭ রান।
প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করা নিউজিল্যান্ড আজ ১৯তম ওভারটা শুরু করেছিল ৫ উইকেটে ১৩৫ রান নিয়ে। সেখান থেকেই শেষ ২ ওভারে আরও ৪ উইকেট হারিয়ে মাত্র ৫ রান যোগ করতে পারে দলটি।
রান তাড়ায় পাওয়ারপ্লেতেই ৬৪ রান তুলে ফেলে শ্রীলঙ্কা। এর ৪৫-ই ছিল আতাপাত্তুর। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি পাওয়া লঙ্কান অধিনায়ক শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮০ রানে। তাঁর ৪৭ বলের ইনিংসটি সাজানো ১৩টি চার ও ২টি ছক্কায়। ১৪২ রানের উদ্বোধনী জুটিতে আতাপাত্তুর সঙ্গী হর্শিতা সামারাবিক্রমা ৪০ বল খেলে অপরাজিত ছিলেন ৪৯ রানে।
আতাপাত্তু ফিফটি ছুঁয়েছেন ২৫ বলে। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার দ্রুততম ফিফটি এটিই। সামারাবিক্রমার সঙ্গে আতাপাত্তুর ১৪৩ রানের জুটিও নতুন শ্রীলঙ্কান রেকর্ড। শুধু উদ্বোধনী জুটিতেই নয়, যেকোনো উইকেটেই এটি লঙ্কান মেয়েদের নতুন রেকর্ড। আগের রেকর্ডটা ১০৪ রানের, এ বছরের ফেব্রুয়ারিতে কেপটাউনে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চতুর্থ উইকেটে নিলাক্ষী ডি সিলভাকে নিয়ে যা করেছিলেন সামারাবিক্রমা।
এ ছাড়া টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মেয়েদের আর মাত্র একটিই শতরানের জুটি আছে। সেটিও চতুর্থ উইকেটে ডি সিলভা-সামারাবিক্রমার, যেটি এসেছিল বাংলাদেশের বিপক্ষেই গত মে মাসে।