এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ। তবে ক্রিকেটারদের যেন দীর্ঘদিন মাঠের বাইরে বসে থাকতে না হয়, সে জন্য নতুন এক টুর্নামেন্টের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’ নামে এই টুর্নামেন্টের জন্য আজ তিন দলের স্কোয়াডও ঘোষণা করেছে বোর্ড।
সব মিলিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার প্রাইজমানি ও ম্যাচ ফির এই লড়াইয়ে অংশ নিচ্ছে তিনটি দল—ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ।
জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস থাকছেন ‘ধূমকেতু একাদশ’-এর নেতৃত্বে। মূলত টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলের মধ্যে ১৩ জনকে নিয়ে এই দলটা তৈরি করা হয়েছে।
টেস্ট অধিনায়ক নাজমুল হোসেনের কাঁধে ‘দুর্বার একাদশ’-এর ভার। আর ‘দুরন্ত একাদশ’ সামলাবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।
ধূমকেতু একাদশের ডাগআউটে প্রধান কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন, আর তার সহকারী মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের ডাগআউট সামলাবেন মিজানুর রহমান ও তুষার ইমরান। অন্যদিকে হান্নান সরকার ও রাজিন সালেহ জুটি দায়িত্ব পালন করবেন দুরন্ত একাদশের কোচ ও সহকারী কোচ হিসেবে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সব ম্যাচই হবে ফ্লাডলাইটে। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি হবে গ্রুপ পর্বের লড়াই, আর ৯ ফেব্রুয়ারি হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। তবে শুধু চার-ছক্কার ধুমধাড়াক্কা নয়, দর্শকদের জন্য বাড়তি বিনোদন হিসেবে প্রতিদিন বিকেল ৪টা থেকে শুরু হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রতিদিনের ম্যাচ।
মাঠে বসে খেলা দেখার জন্য ইস্টার্ন গ্যালারির টিকিট মিলবে মাত্র ১০০ টাকায়। উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ২০০, ক্লাব হাউজ ৫০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ১,০০০ টাকায়।