৮২ রানে শেষ নিউজিল্যান্ড, সিরিজ অস্ট্রেলিয়ার
অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে থামিয়ে দেওয়ার পর সিরিজে সমতা ফেরানোর স্বপ্নই দেখতে শুরু করেছিল নিউজিল্যান্ড। ইনিংস বিরতিতে কিউই ফাস্ট বোলার ম্যাট হেনরিও বলছিলেন, লক্ষ্য তাড়া করে জেতার স্বপ্ন দেখছেন তাঁরা। তবে একটু পর নিজেদের জন্য কী বিভীষিকা অপেক্ষা করছে, তা তখনো জানতেন না কিউই এ বোলার!
সিরিজে সমতা ফেরানো দূরে থাক, ৫৭ রানে ৮ উইকেট হারিয়ে ওয়ানডেতে নিজেদের সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার শঙ্কাতেই পড়েছিল নিউজিল্যান্ড। ১৯৮৬ সালে শারজায় পাকিস্তানের বিপক্ষে সর্বনিম্ন ৬৪ রানে অলআউট হয় কিউইরা।
শেষ দিকের ব্যাটসম্যানরা সেই লজ্জা এড়ালেও বড় ব্যবধানের হার এড়াতে পারেননি। নিউজিল্যান্ড অলআউট হয়েছে ৮২ রানে। এটি ওয়ানডেতে নিউজিল্যান্ডের ৬ষ্ঠ সর্বনিম্ন ইনিংস। ১১৩ রানে জিতে ম্যাচ ও সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া।
লক্ষ্য খুব বড় না হলেও, কেয়ার্নসে প্রথম ওয়ানডের অভিজ্ঞতার কারণে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ ছিল না নিউজিল্যান্ডের। আগের ম্যাচের সেই অভিজ্ঞতা প্রথম ওভারেই ফেরান মিচেল স্টার্ক। মার্টিন গাপটিলকে (২) ফিরিয়ে ধাক্কা দেন এ ফাস্ট বোলার। ডেভন কনওয়েকেও (৫) বেশি দূর এগোতে দেননি শন অ্যাবট।
স্টার্ক-অ্যাবটের গতির সঙ্গে যুক্ত হয় জাম্পার ঘূর্ণিও। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে হাঁসফাঁস করতে থাকা নিউজিল্যান্ড ৩৮ রানে হারায় ৫ উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি অতিথিরা। ৮২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে বোলিংয়ে ৫ উইকেট নেন জাম্পা, ২টি করে উইকেট নেন স্টার্ক ও অ্যাবট। ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথমবার ৫ উইকেট নিলেন জাম্পা।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিউই ফাস্ট বোলারদের চাপে পড়ে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ব্যাটিং প্রথম ওয়ানডের স্মৃতিই যেন ফিরিয়ে আনছিল।
চতুর্থ ওভারের মধ্যেই দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (৫) অ্যারন ফিঞ্চকে (০) সাজঘরের পথ দেখিয়ে দেন ম্যাট হেনরি, অস্ট্রেলিয়ার রান তখন ৭। এরপর ২৬ রানে যেতে ফিরে যান মারনাস লাবুশেন (৫) ও মার্কাস স্টয়নিসও (০)—এ দুজনকে ফেরান ট্রেন্ট বোল্ট। স্টিভেন স্মিথ এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে যেন আসা–যাওয়ার টিকিট কেটে রেখেছিলেন বাকিরা। মিচেল স্যান্টনারের বলে স্টাম্পিং হয়ে ফেরেন আগের ম্যাচের নায়ক অ্যালেক্স ক্যারি (১২)। ২৫ রানে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। বোল্টের তৃতীয় শিকার হন তিনি। ১০৩ রানে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
প্রথম ওয়ানডেতে বিপর্যয়ের মুখে রুখে দাঁড়িয়ে দলকে জেতানো ক্যামেরন গ্রিন এদিন চোটে পড়ে দলের বাইরে ছিলেন। তাঁর জায়গায় সুযোগ পেয়ে বিশেষ কিছু করতে পারেননি অ্যাবটও (৭)। অ্যাবট ফিরে যাওয়ার সময় ১১১ রানে ৭ উইকেট হারিয়ে কাঁপছিল অস্ট্রেলিয়া।
এক প্রান্ত আগলে লড়াই করে যাওয়া স্মিথও কাটা পড়েন ব্যক্তিগত ৬১ রানে। অস্ট্রেলিয়ার রান তখন ১১৭।
অ্যাডাম জাম্পাকে সঙ্গে নিয়ে স্টার্ক চেষ্টা করছিলেন যতটা সম্ভব রানের সংগ্রহ বাড়িয়ে নেওয়ার। তবে দলীয় ১৪৮ রানে জাম্পা ফিরে গেলে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জিং সংগ্রহের আশাও ফিকে হয়ে আসে। এরপরও ১০ম উইকেটে হাল ছাড়েনি স্টার্ক-হ্যাজলউডের অবিচ্ছিন্ন জুটি। স্টার্ক অপরাজিত থাকেন ৩৮ রানে, হ্যাজলউড করেন ১৬ বলে ২৩ রান। শেষ উইকেটে ৩৬ বলে ৪৭ রান যোগ করে দলকে ১৯৫ রানে পৌঁছে দেন তাঁরা। নিউজিল্যান্ডের বোল্ট নেন ৩৮ রান দিয়ে ৪ উইকেট, ৩৩ রানে ৩ উইকেট নেন হেনরি।