বিরাট কোহলির সঙ্গে একসময় বাবর আজমের তুলনা হতো নিয়মিতই। মাঝে ফর্ম পড়ে যাওয়ায় সে তুলনায় পিছিয়ে পড়েন বাবর। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল রাতে বাবরের সেঞ্চুরির পর সেই তুলনাটা উঠল আবারও। তবে কে সেরা, তা নিয়ে নয়, এই তুলনা স্রেফ পরিসংখ্যানের।
করাচিতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচে ৫৯ বলে ১০৩ রানের ইনিংস খেলেন পেশোয়ার জালমি অধিনায়ক বাবর আজম। ৭০ রানের জয়ে জালমি পিএসএলের ফাইনালে ওঠায় ম্যাচসেরাও হন বাবর।
টি-টুয়েন্টিতে এক দেশে সর্বোচ্চ সেঞ্চুরিতে এত দিন কোহলি ও অভিষেক শর্মার চেয়ে পিছিয়ে ছিলেন বাবর। ভারতের এই দুই তারকা তাঁদের দেশে এই সংস্করণে ৮টি করে সেঞ্চুরি করেছেন। টি-টুয়েন্টিতে এক দেশে এটাই সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। পাকিস্তানের মাটিতেও এ সংস্করণে ৮টি সেঞ্চুরি করে কোহলি ও অভিষেকের পাশে বসলেন বাবর।
বাবর রেকর্ড বইয়ের আরেকটি পাতায় শীর্ষে উঠেছেন। অধিনায়ক হিসেবে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এখন তাঁর। গতকাল রাতে সেঞ্চুরির আগপর্যন্ত দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসির সঙ্গে এ তালিকায় সমান ৮টি সেঞ্চুরি ছিল বাবরের। গতকাল রাতে অধিনায়ক হিসেবে ৯ নম্বর সেঞ্চুরিটি তুলে নিয়ে সবার ওপরে উঠলেন তিনি। টি-টুয়েন্টিতে বাবরের সেঞ্চুরিসংখ্যা ১৩।
পিএসএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটিও এখন যৌথভাবে বাবরের। উসমান খানের সমান ৪টি সেঞ্চুরি করলেন। তবে একটি পার্থক্য আছে। উসমান চারটি সেঞ্চুরি করেছেন ৩৫ ইনিংসে, বাবরের লেগেছে ১০৮ ইনিংস।
পিএসএলের এ মৌসুমে ২টি সেঞ্চুরি করেছেন বাবর। পিএসএলের চলতি মৌসুমে ১০ ইনিংসে তাঁর রানসংখ্যা ৫৮৮।
এ টুর্নামেন্টে এক মৌসুমে এর আগে একবারই কারও ব্যাট থেকে এত রান দেখা গেছে। ২০২২ পিএসএলে ১৩ ইনিংসে ৫৮৮ রান করেছিলেন ফখর জামান। তাঁকে পেছনে ফেলার সুযোগ আছে বাবরের। কারণ, জালমি ফাইনালে ওঠায় এই মৌসুমে তাদের হাতে আরও ম্যাচ আছে।
কাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবর বলেন, ‘মনে হচ্ছে, আমি আবার নিজের সেরা ছন্দে ফিরতে শুরু করেছি। চেষ্টা করছি সবকিছু সহজ রাখতে এবং নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখতে। পিচের দাবি কী, কোন বোলারকে কীভাবে সামলাতে হবে আর কখন আক্রমণাত্মক হতে হবে—পরিস্থিতি অনুযায়ী নিজের গেম প্ল্যানটা কেবল মাঠে বাস্তবায়ন করার চেষ্টা করছি।’