সেই মার্করাম এখন তাণ্ডবের নাম, সফল অধিনায়ক
তিন শব্দে নিজেকে বর্ণনা করা কঠিন। আর বয়স যদি হয় ১৯, তখন সেটা আরও কঠিন। ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে আইসিসির পক্ষ থেকে এইডেন মার্করামকে এমনই একটা কঠিন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল।
সেই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়া মার্করামের উত্তর ছিল—ইতিবাচক, আত্মবিশ্বাসী ও দায়িত্ববান।
এক যুগ পরও মার্করামকে হয়তো এই তিন শব্দেই চেনা যায়! এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে মার্করাম দেখিয়েছেন কীভাবে ইতিবাচক, আত্মবিশ্বাসী ও দায়িত্ববান হিসেবে দলকে নেতৃত্ব দেওয়া যায়। সেটা অধিনায়ক হিসেবে আবার ব্যাটসম্যান হিসেবেও।
ব্যাটসম্যান হিসেবে হয়তো মার্করাম টুর্নামেন্টেরই সবচেয়ে ইমপ্যাক্ট ফুল। ৭ ম্যাচে মার্করাম রান করেছেন ২৬৮। তাঁর চেয়ে বিশ্বকাপে বেশি রান করেছেন আরও দুজন—সাহিবজাদা ফারহান (৩৮৩) ও ব্রায়ান বেনেট (২৯২)। তবে এঁদের দুজনের চেয়ে মার্করামের স্ট্রাইকরেট বেশি—১৭৫.১৬। এবারের বিশ্বকাপে ১১ জন ওপেনার ১০০–এর বেশি বল খেলেছেন। এর মধ্যে সবচেয়ে মার্করামের স্ট্রাইকরেটই বেশি।
বিশ্বকাপে মার্করামের ৮০ রানের বেশি ইনিংস আছে দুটি। একটি নিউজিল্যান্ড অন্যটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দুই ইনিংসেই ছিলেন অপরাজিত। মানে খেলাটা শেষ করেই এসেছেন। আর মার্করাম তাঁর আক্রমণাত্মক কৌশলে ওপেনিং সঙ্গী কুইন্টন ডি কককেও সহায়তা করছেন। কীভাবে?
পাওয়ারপ্লেতে এবারের বিশ্বকাপে ওভারপ্রতি ১০.৩১ রান করে তুলছেন মার্করাম ও ডি কক। এই পাওয়ারপ্লেতে মার্করামের স্ট্রাইকরেট ১৯২.৯৪। অন্যদিকে ডি ককের মাত্র ১২৩.০৭। মানে শুরুর ঝুঁকিটা মার্করামই নিচ্ছেন।
এমনিতে মার্করামের ক্যারিয়ার স্ট্রাইকরেট এতটা বেশি না। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে মার্করামের স্ট্রাইকরেট ১৩৬.৩৭। মার্করাম নিয়মিত ওপেন করা শুরু করেছেন গত আইপিএলের পর থেকে। এর আগে তিনি মিডল অর্ডারেই খেলতেন।
মার্করামকে ওপেনিংয়ে সুযোগ দিতে ওপেনিং পজিশন ছাড়তে হয়েছে রায়ান রিকেলটনের। এই রিকেলটন ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগ ‘এসএ২০’তে ১৩৪৯ রান করেছেন। আর এই সিদ্ধান্তটাই কাজে লেগে গেছে দক্ষিণ আফ্রিকার।
মার্করামের এই নতুন রূপ দেখা গেছে মূলত গত আইপিএলে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে গত আইপিএলে ওপেনার হিসেবে ৪৪৫ রান করেছিলেন মার্করাম। স্ট্রাইকরেট ছিলও ভালো—১৪৮.৮২। পাওয়ারপ্লেতে মার্করাম ব্যাটিং করেছিলেন ১৫১.১৩ স্ট্রাইকরেটে, যা ডি কক, রোহিত শর্মা ও উইল জ্যাকসের চেয়েও বেশি ছিল।
এ তো গেল ব্যাটসম্যান মার্করামের কথা। অধিনায়ক হিসেবে? ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেছিলেন মার্করাম। ফাইনালে হারলেও এই পর্যন্ত যেতে এক ম্যাচেও হারেনি দক্ষিণ আফ্রিকা। এবারও সেমিফাইনাল পর্যন্ত এখনো হারেনি তারা।
মার্করাম অবশ্য অধিনায়ক হিসেবে বিশ্বকাপে হারেনই–না বললে চলে। ২০১৪ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করেছিলেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে টেম্বা বাভুমার চোটে ২ ম্যাচে নেতৃত্ব দেওয়াসহ মার্করাম সব পর্যায়ের বিশ্বকাপে নেতৃত্বে দিয়েছেন ২৪ ম্যাচে। হেরেছেন মাত্র একটিতে, সেটি ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।