হারমানপ্রীতের সঙ্গে কথা বলবেন বিসিসিআই সভাপতি

ভারত নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনার পর পেরিয়ে গেছে ছয় দিন। এই প্রথম ভারত নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরের ঔদ্ধত্যপূর্ণ আচরণ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেউ মুখ খুললেন।

বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের ঘটনা নিয়ে হারমানপ্রীতের সঙ্গে কথা বলবেন বোর্ড সভাপতি রজার বিনি ও ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধান ভিভিএস লক্ষ্মণ।

এরই মধ্যে হারমানপ্রীতকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা ও ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। বিসিসিআই শাস্তির বিরুদ্ধে আপিল করবে না বলে জানিয়েছে।

২২ জুলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ–ভারত মেয়েদের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল ঘটনাবহুল। সিরিজ–নির্ধারণী ম্যাচটি হয় টাই। তবে উত্তেজনাময় সমাপ্তির রোমাঞ্চ উবে যায় হারমানপ্রীতের ঔদ্ধত্যপূর্ণ আচরণে। মাঠে আম্পায়ার তাঁকে আউট দেওয়ার পর তাৎক্ষণিকভাবে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে ফেলেন হারমানপ্রীত। এরপর আম্পায়ারের উদ্দেশে কিছু একটা বলতে বলতে মাঠ ছাড়েন। বেরিয়ে যাওয়ার সময় দর্শকের দিকে তাকিয়েও হাতের ইশারা ও মুখের ভাষায় নিজের ক্ষোভ প্রকাশ করে যান। সেখানেই শেষ হয়নি।

পুরস্কার বিতরণের মঞ্চেও অক্রিকেটীয় আচরণ করেছেন ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর (ডানে)। ২২ জুলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে
ছবি : শামসুল হক

পরে ম্যাচের পুরস্কার বিতরণীতেও সরাসরিই আম্পায়ারিংয়ের সমালোচনা করেন। হারমানপ্রীতের দৃষ্টিকটু আচরণ মাত্রা ছাড়ায় ট্রফি নিয়ে দুই দলের আনুষ্ঠানিক ফটো সেশনের সময়। তিনি বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানাকে আম্পায়ারকে ডেকে আনতে বলেন। হাত দিয়ে ইশারাও দেন, আম্পায়ার কোথায়? হারমানপ্রীতের মতে, আম্পায়ারের কারণেই বাংলাদেশ ম্যাচ টাই করতে পেরেছে। ফটো সেশনে আম্পায়ারেরও থাকা উচিত।

আরও পড়ুন

ভারত অধিনায়কের ঔদ্ধত্বপূর্ণ এই আচরণে পরিবেশ অস্বস্তিকর হয়ে উঠলে দল নিয়ে মাঠ ছেড়ে যান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।

হারমানপ্রীতের অসৌজন্যমূলক আচরণ ভারতীয়দের মধ্যেই সমালোচনার জন্ম দেয়। ভারতের সাবেক অধিনায়ক ডায়ানা এদুলজি, আনজুম চোপড়া, মিতালি রাজরা হারমানপ্রীতের আচরণকে ‘পীড়াদায়ক’, ‘শোচনীয়’ বলেছেন। ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় মদন লাল বিসিসিআইয়ের প্রতি হারমানপ্রীতের কঠোর শাস্তি দেওয়ার আহবান জানিয়েছেন।

আরও পড়ুন

বৃহস্পতিবার রাজ্য সংস্থাগুলোর সঙ্গে বিসিসিআইয়ের সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন জয় শাহ। সেখানে হারমানপ্রীতের বিষয়ে বোর্ডের অবস্থান নিয়ে জানতে চাইলে বিসিসিআই সচিব বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট রজার বিনি এবং ভিভিএস লক্ষ্মণ ওর সঙ্গে কথা বলবেন। এরই মধ্যে আইসিসি তাকে নিষিদ্ধ করেছে। আর আপিল করার সময়ও পেরিয়ে গেছে।’

সেদিনের ঘটনায় হারমানপ্রীতকে আচরণবিধির দুটি ধারায় শাস্তি দিয়েছে আইসিসি। একটি ‘আম্পায়ারের সিদ্ধান্তে অসম্মতি প্রকাশ’, আরেকটি ‘মাঠের ঘটনার জনসমক্ষে সমালোচনা’র। দুটি অপরাধ মিলিয়ে হারমানপ্রীতকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা ও ৪ ডিমেরিটে দুই ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ভারতের নারী ক্রিকেট দল পরবর্তী ম্যাচ খেলবে এশিয়ান গেমসে। সেখানে প্রথম দুটি ম্যাচে হারমানপ্রীত খেলতে পারবেন না।

আরও পড়ুন