উইকেট নেওয়ায় ‘নিখোঁজ’ বুমরা
অবিশ্বাস্য!
আইপিএলে এ পর্যন্ত চারটি করে ম্যাচ খেলেছে সব দল। বোলিংয়ে কে কেমন করলেন, সেটা জানতে ঢুঁ মারতে পারেন আইপিএল ওয়েবসাইটে। এবার অন্তত ১টি করে উইকেট নেওয়া ৬৬ জন বোলারের নাম আছে ওয়েবসাইটের ‘স্ট্যাটস’ বা পরিসংখ্যান সেকশনে। কিন্তু সেখানে যশপ্রীত বুমরা নেই!
বিশ্বাস না হলে ইএসপিএনক্রিকইনফো কিংবা ক্রিকবাজেও ঢুঁ মারতে পারেন। এবারের আইপিএল নিয়ে তাদের ‘স্ট্যাটস’ বিভাগের উইকেটশিকারিদের তালিকায়ও নেই বুমরা। তবে এবার আইপিএলে চোখ রেখে থাকলে খুব একটা অবাক না লাগাও স্বাভাবিক। কারণ, বুমরা যে এখনো উইকেটই পাননি।
ঠিকই পড়েছেন। এবার আইপিএলে ৪ ম্যাচ খেলে উইকেটশূন্য বুমরা। গতকাল রাতে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৮ রানে হারের ম্যাচেও উইকেট পাননি। আইপিএলে এ নিয়ে টানা পাঁচ ম্যাচে উইকেটশূন্য রইলেন বুমরা। এবারের আগে সর্বশেষ ২০২৫ আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ৪০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন বুমরা। ম্যাচটি ৫ উইকেটে হেরেছিল তাঁর দল মুম্বাই ইন্ডিয়ানস। তারপর এবার মুম্বাইয়ের ৪ ম্যাচেই খালি হাতে ফিরতে হয়েছে ভারতের এই প্রিমিয়াম পেসারকে।
বুমরা এ চার ম্যাচে মোট ১৫ ওভার বোলিং করেছেন। শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, এবার আইপিএলে সবচেয়ে বেশি বল (৯০ ডেলিভারি) করে উইকেটশূন্য থাকা বোলারটির নাম বুমরা! সানরাইজার্স হায়দরাবাদ পেসার হর্ষল প্যাটেল এ তালিকায় দ্বিতীয় (৪৬ ডেলিভারি)। পার্থক্যটা নিশ্চয়ই খেয়াল করেছেন।
ক্রিকভিজ জানিয়েছে, আইপিএলে বুমরা এ পর্যন্ত ১২২ বল করে উইকেটশূন্য। তাঁর আইপিএল ক্যারিয়ারে উইকেটশূন্য থাকার এটাই দীর্ঘতম সময়।
তবে বুমরাকে উইকেটশূন্য থাকা দিয়ে বিচার করলে সেটা ভুল হতে পারে বলে মনে করেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের মতে, বুমরার আসল কার্যকারিতা নিখুঁত ইয়র্কার মারায় ও রানের গতি আটকে দেওয়ায়, বিশেষ করে গতকাল রাতের ম্যাচের ভেন্যু ওয়াংখেড়ের মতো মাঠে।
নিজের পোস্টে অশ্বিন বলেন, ‘বুমরা উইকেট পাচ্ছে না—এ আলোচনা দলের ক্ষতি করতে পারে। উইকেট খোঁজার চেয়ে তার নিখুঁত ইয়র্কার মারা এবং প্রতিপক্ষকে প্রতিটি রানের জন্য চাপে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ; বিশেষ করে ওয়াংখেড়ের মতো ভেন্যুতে।’
অশ্বিন যোগ করেন, ‘যখন আপনি টানা ওভার করতে পারেন না, তখন আপনার উইকেট পাওয়ার বিষয়টি নির্ভর করে অন্য প্রান্তের বোলারের ওপর। টি-টুয়েন্টি ক্রিকেটে এত বছর পার হয়ে গেলেও বোলিং ইউনিটের মধ্যে জুটি বেঁধে রক্ষণাত্মক বোলিং করার মানসিকতা এখনো সেভাবে গড়ে ওঠেনি।’
অশ্বিনের কথায় যে যুক্তি আছে, সেটাও প্রমাণ করে দিচ্ছে পরিসংখ্যান। ইকোনমি রেট বিচারে বুমরা এবার আইপিএলে এখন পর্যন্ত মুম্বাইয়ের সেরা বোলার। ৪ ম্যাচে ১৫ ওভার বোলিং করে ওভারপ্রতি গড়ে ৮.২০ করে রান দিয়েছেন। তবে এটা যে বুমরার সেরা পারফরম্যান্স নয়, সেটাও পরিষ্কার। টি-টুয়েন্টিতে বুমরার ক্যারিয়ার ইকোনমি রেট ৬.৯৩। আর আইপিএলে একটু বেশি—৭.২৭।