বিশ্বকাপ গ্যালারিতে দর্শকের রেকর্ড
নকআউট পর্ব শুরুর আগেই গ্যালারিতে উপস্থিতির রেকর্ড গড়েছে এবারের বিশ্বকাপ। লিগ পর্বের ৬ ম্যাচ বাকি থাকতেই ১০ লাখের বেশি দর্শক দেখেছে বিশ্বকাপ গ্যালারি। আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এবারের বিশ্বকাপে ১ মিলিয়ন (১০ লাখ) দর্শকের মাইলফলক স্পর্শ হয়েছে দক্ষিণ আফ্রিকা–আফগানিস্তান ম্যাচে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা–আফগানিস্তান ম্যাচে এবারের আসরের ১০ লাখতম দর্শক ঘূর্ণায়মান গেট দিয়ে প্রবেশ করেন। এর মাধ্যমে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির আইসিসি টুর্নামেন্ট হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে এবারের আসর। অবশ্য এর আগে বিশ্বকাপে সর্বোচ্চ দর্শক উপস্থিতি কত ছিল, তা উল্লেখ করা হয়নি।
গ্যালারিতে ১০ লাখতম দর্শক পাওয়ার পরও বিশ্বকাপে ৬টি ম্যাচ বাকি ছিল। এর মধ্যে তিনটি লিগ পর্বের ম্যাচ (বাংলাদেশ–অস্ট্রেলিয়া, পাকিস্তান–ইংল্যান্ড ও ভারত–নেদারল্যান্ডস), দুটি সেমিফাইনাল ও ফাইনাল।
১০ লাখ দর্শক উপস্থিতির মাইফলক নিয়ে আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি বলেন, ‘১০ লাখের বেশি দর্শক উপস্থিতি এবং টিভি দর্শকে রেকর্ড ভঙ্গের মাধ্যমে ২০২৩ বিশ্বকাপ ওয়ানডে সংস্করণের প্রতি দর্শকদের সমর্থন ও বিশ্বকাপ ক্রিকেটের মূল্য মনে করিয়ে দিয়েছে। নকআউট পর্বের দিকে এগিয়ে যাওয়ার পথে আমরা আরও অনেক রেকর্ড ভঙ্গের অপেক্ষায় আছি।’
দর্শক উপস্থিতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব জয় শাহও। এক্স হ্যান্ডলারে তিনি লিখেছেন, ‘আমাদের লক্ষ্য ছিল এবারের বিশ্বকাপকে এযাবৎকালের সেরায় পরিণত করা। আমি ভীষণ উৎফুল্ল, কারণ আগের সব রেকর্ড ভেঙে গেছে। নিবেদিত দর্শক, রাজ্য ক্রিকেট সংস্থা এবং এই মেগা ইভেন্ট আয়োজনের প্রতিটি অংশীদারকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই।’
এর আগে গত ২৫ অক্টোবর আইসিসি জানিয়েছিল, তখন পর্যন্ত আইসিসি চ্যানেলের মাধ্যমে বিশ্বকাপের ভিডিওগুলো ৬/৬৪ বিলিয়ন ভিউ হয়েছিল। যা ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপের পুরো আসরের চেয়ে বেশি (৬.৫৮)।