অভিষেকের শূন্যের হ্যাটট্রিক, তবু সহজ জয় ভারতের

নেদারল্যান্ডসকে সহজেই হারিয়েছে ভারত। আজ আহমেদাবাদেএএফপি
ভারত: ২০ ওভারে ১৯৩/৬। নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৭৬/৭। ফল: ভারত ১৭ রানে জয়ী।

আগেই সুপার এইট নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে ভারতের তেমন কিছু পাওয়ার ছিল না। তবে অভিষেক শর্মার পাওয়ার ছিল। আগের দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া এই ব্যাটসম্যানের সুপার এইটের আগে রানে ফেরার দরকার ছিল।

কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষেও ‘ভাগ্য’ বদলাল না অভিষেকের। ভারতের বাঁহাতি ওপেনার আজও আউট হয়েছেন শূন্য রানে।

অভিষেকের শূন্যের হ্যাটট্রিকের ম্যাচে অবশ্য ভারতের জিততে কষ্ট হয়নি। ডাচদের ১৯৪ রানের লক্ষ্য দিয়ে সূর্যকুমার যাদবের দল আটকে দিয়েছে ১৭৬–এ।

১৭ রানের জয়ে ভারত ‘এ’ গ্রুপ থেকে সর্বোচ্চ ৮ পয়েন্ট নিয়ে সুপার এইটে যাচ্ছে। তিন দিন আগে পাকিস্তানকে হারানোর মাধ্যমে সুপার এইট নিশ্চিত করা ভারত আজ ডাচদের বিপক্ষে ম্যাচকে নিয়েছিল নিজেদের যতটা সম্ভব ঝালাই করে নেওয়ার উপলক্ষ হিসেবে।

আর সেটা সবচেয়ে বেশি দরকার ছিল অভিষেকের জন্য। ২৫ বছর বয়সী এই ওপেনার আগের দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের বিপক্ষে শূন্য রানে আউট হয়েছিলেন। তারপরও গত কয়েক মাসের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে আজ মাঠে নামার আগে ঘোষিত টি–টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে ছিল তাঁর নাম। এরপর দরকার ছিল শুধু মাঠে নেমে রানে ফেরা।

তবে প্রথম দুই বল ডট দেওয়ার পর তৃতীয় বলে আরিয়ান দত্তের স্পিনে বোল্ড হয়ে যান তিনি। প্রথম বিশ্বকাপে খেলতে নামা অভিষেক এখনো নামের পাশে রান যোগ করতে পারেননি।

ভারতের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন শিবম দুবে
এএফপি

তবে অভিষেক আরেকবার ব্যর্থ হলেও দলের অন্যরা ভারতের রানকে দুই শর কাছাকাছিই পৌঁছে দিয়েছেন। শিবম দুবের ৩১ বলে ৬৬, সূর্যকুমারের ২৮ বলে ৩৪ আর তিলক বর্মার ২৭ বলে ৩১ রানের ইনিংসে চড়ে ভারত করে ৬ উইকেটে ১৯৩ রান।

রানতাড়ায় নেদারল্যান্ডস জয়ের প্রবল সম্ভাবনা জাগাতে পারেনি কখনোই। বাস ডি লিডির ৩৩, লায়ন–ক্যাচেটের ২৬ আর নোয়াহ কোরসের ২৫ রানের ছোট ছোট ইনিংসের সুবাদে ৭ উইকেটে ১৭৬ পর্যন্ত যেতে পেরেছে দলটি।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান শেষ হলো ৪ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপে চতুর্থ হয়ে। ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে তৃতীয় যুক্তরাষ্ট্র। শীর্ষ দুটি জায়গা দখল করে সুপার এইটে উঠেছে ভারত ও পাকিস্তান।

আরও পড়ুন