ম্যাচসেরা মোহাম্মদ রিজওয়ান পুরস্কার বিতরণীতে প্রশংসা করেছেন বাংলাদেশের বোলারদের। তাতে বাংলাদেশের সমর্থকদের দুঃখটা আরও বাড়তে পারে।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭৩ রান তুলেছিল সাকিব আল হাসানের দল।
টি-টোয়েন্টি ম্যাচে এই রান যেকোনো দলের বিপক্ষেই লড়াই করার মতো। আন্তর্জাতিক ক্রিকেটে দুই দশকের বেশি সময় কাটিয়ে দেওয়া বাংলাদেশ দল এই পুঁজি নিয়ে জেতার জন্য লড়বে এবং সমর্থকেরাও জয়ের আশায় থেকেই ম্যাচটা দেখেছেন। যদিও পাকিস্তানি ব্যাটসম্যানদের দৃঢ়তায় সে আশা পূরণ হয়নি।
রিজওয়ানের ৫৬ বলে ৬৯, বাবর আজমের ৪০ বলে ৫৫ এবং মোহাম্মদ নেওয়াজের ২০ বলে অপরাজিত ৪৫ রানের ইনিংসে ১ বল হাতে রেখে জিতেছে পাকিস্তান।
জয়ের পর বাংলাদেশের বোলারদের প্রশংসা করেন রিজওয়ান। ম্যাচটা শেষ ওভার পর্যন্ত টেনে নেওয়ায় প্রশংসা করেন হাসান মাহমুদ-শরীফুল ইসলামদের। রিজওয়ানের প্রশংসা থেকে বাংলাদেশ দল হয়তো আত্মবিশ্বাস নিতে পারে, তবে খুশি হওয়ার কি কিছু আছে?
ম্যাচে আঁটসাঁট বোলিং করলে তো বাংলাদেশ জিতেই যেত। শেষ ৬ ওভারেও ৬২ রান দরকার ছিল পাকিস্তানের। এখান থেকে একটু এদিক–সেদিক হলেও ম্যাচটা জিতত বাংলাদেশ।
এদিক-সেদিক হয়েছে ঠিকই, কিন্তু সেটি বিপরীতে—লাইন–লেংথ গড়বড় করেছেন বাংলাদেশের বোলাররা। তাতে ম্যাচ শেষ পর্যন্ত সহজ হয়ে আসে পাকিস্তানের জন্য—শেষ ওভারে দরকার ছিল ৮ রান।
এর মধ্যে ১৫তম ওভারে অধিনায়ক সাকিব আল হাসান দেন ১৭ রান, ১৭তম ওভারে মোহাম্মদ সাইফউদ্দিন দিয়েছেন ১২ রান। পরের ওভারে হাসান মাহমুদ দেন ১১ রান। তাহলে বাংলাদেশ ভালো বোলিংটা করল কখন? পুঁজিটা শক্তিশালী ছিল বলেই তো বোলারদের উদারহস্তে রান দেওয়ার পরও ম্যাচটা শেষ ওভার পর্যন্ত গেছে, এ কথাও বলতে পারেন কেউ কেউ।
কিন্তু ম্যাচ শেষে রিজওয়ান বলেছেন, ‘বাংলাদেশের বোলারদের প্রশংসা করতেই হয়। তারা সত্যিই ভালো বোলিং করেছে।’
রিজওয়ান এরপর নিজেদের ব্যাটিং নিয়ে বলেছেন, ‘প্রথম ১০ ওভারে আমরা উইকেট হাতে রাখতে চেয়েছি। মোহাম্মদ নেওয়াজকেও কৃতিত্ব দিতে হবে। শেষ দিকে সে ম্যাচটা সহজ করে ফেলে। নেওয়াজের ইনিংসটাই ম্যাচ ঘুরিয়ে দেয়।’
বাবর-রিজওয়ানের ওপেনিং জুটি ভেঙেছে ১২.৩ ওভারে দলীয় ১০১ রানে। তখন ওভারপ্রতি পাকিস্তানের রান তোলার গতি গড়ে ৯–এর বেশি। প্রশ্ন হচ্ছে, ইনিংসের প্রথম ১০ ওভারে বাংলাদেশ তাহলে ভালো বোলিং করল কীভাবে?
প্রতিপক্ষের ওপেনিং জুটি ভাঙা যায়নি, প্রতি ওভারে এক বা একাধিক বাউন্ডারিও হয়েছে। আর প্রতিপক্ষের রানরেটও ছিল জয়ের পথে। শেষ ১০ ওভারেও চিত্রটা পাল্টায়নি। সাইফউদ্দিন একাই ৩.৫ ওভারে দিয়েছেন ৫৩ রান। তাসকিন আহমেদ ও সাকিবও বোলিংয়ে প্রত্যাশা মেটাতে পারেননি।
শেষ ১০ ওভারেও চিত্রটা পাল্টাতে পারেনি বাংলাদেশ। হ্যাঁ, হাসান মাহমুদের করা ১৩তম ওভারে জোড়া উইকেট হারিয়ে পাকিস্তান কিছুটা চাপে পড়েছিল বটে, কিন্তু সেই চাপ আলগাও হয়েছে বাংলাদেশের বোলারদেরই ব্যর্থতায়।
রিজওয়ানের কথাটা কি তাহলে স্রেফ সৌজন্যতা?