বল টেম্পারিং নিয়ে খাজার অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও আজগুবি’: প্যাট কামিন্স
২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিং করতে সিরিশ কাগজ ব্যবহারের বিষয়টি অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন—উসমান খাজার এমন অভিযোগকে ‘শতভাগ ভুল’ ও ‘পুরোপুরি আজগুবি’ বলে উড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
খাজার প্রকাশিত আত্মজীবনী ‘সবর’–এ বল টেম্পারিং নিয়ে তোলা অভিযোগের জবাব দিতে সিডনির ক্রিকেট সেন্ট্রালে সংবাদ সম্মেলনে হাজির হন কামিন্স। ৬৮ মিনিটের প্রশ্নোত্তর পর্বে খাজার দাবি জোরালোভাবে নাকচ করেন এই পেসার।
কামিন্স বলেন, ‘যখন সে (খাজা) বলে আমরা সবাই জানতাম, এর অর্থ যদি এমন হয় যে মাঠে সিরিশ কাগজ নেওয়া হচ্ছে, তা আমরা জানতাম, তবে সে শতভাগ ভুল। আট বছর ধরে আমি ধারাবাহিকভাবে বলে আসছি, এমন কিছু ঘটছে, তা আমি জানতাম না।’
অস্ট্রেলিয়া অধিনায়ক বলে যান, ‘আমার মনে হয়, উসমান এর চেয়েও গুরুতর কিছু কথা বলেছে। সে বলেছে, আমি এবং অন্যরা সিরিশ কাগজ দিয়ে বল বিকৃত করার পরিকল্পনার মূল হোতা ছিলাম। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও আজগুবি কথা। এ সপ্তাহে যখন জানলাম, উসমান নিজেই স্বীকার করেছে, সে ক্যামকে (ক্যামেরন ব্যানক্রফট) সিরিশ কাগজ ব্যবহারের সময় সতর্ক থাকতে বলেছিল, তখন আমি সত্যিই হতবাক হয়েছি।’
এ সপ্তাহেই প্রথম আমি খবরটি জেনেছি। আমার এ বিষয়ে কোনো ধারণাই ছিল না। এমনকি দলের আরও কয়েকজনের সঙ্গে কথা বলেও মনে হয়েছে, এটি আমাদের সবার কাছেই এক নতুন তথ্য।অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স
অস্ট্রেলিয়া দলে সাবেক সতীর্থ খাজার এমন আচরণে হতাশা প্রকাশ করে কামিন্স বলেন, ‘আমি যে উসমানকে চিনি, সে এমন নয়। আট বছর ধরে অস্ট্রেলীয় ক্রিকেটের সংস্কৃতি নতুন করে গড়ে তুলতে যে দল কাজ করেছে, তার অংশ হিসেবে থাকা উসমান এমন হতে পারে না—যে কিনা তখনই ঘটনাস্থলে এমন কাজ থামিয়ে দিত। উসমান আমার বন্ধু, কিন্তু বন্ধুরা একে অপরের জীবন ও সম্মান নিয়ে এতটা উদাসীন হয় না। নিজের বইয়ে উজি (উসমান) আমার, আরও অনেকের জীবন এবং অস্ট্রেলীয় ক্রিকেটের সম্মানকে পাত্তা দেয়নি।’
বই লেখার অধিকারকে সমর্থন জানালেও দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিয়ে কামিন্স বলেন, ‘তাঁর গল্প বলার অধিকারের প্রতি আমার শতভাগ সমর্থন আছে। সে এটা করতে পেরেছে, তাতে আমি সত্যিই আনন্দিত। কিন্তু আমরা যা বলি ও করি, তার দায় আমাদেরই নিতে হবে।’
২০১৮ সালে অস্ট্রেলিয়া দলের ভেতর ‘যেকোনো মূল্যে জিততে হবে’—এমন মানসিকতা এবং একটি ‘অন্ধকার দিক’ ছিল বলে স্বীকার করেন কামিন্স। তাঁর মতে, সে সময় দলের ভেতর ‘অনেক বিভাজন’ ছিল, যা পুরোপুরি দূর করা হয়েছে। তবে রিভার্স সুইং আদায়ের জন্য অবৈধ পন্থা অবলম্বনের কোনো ‘মাস্টারপ্ল্যান’ সম্পর্কে পুরো দল অবগত ছিল—খাজার এমন অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেন কামিন্স।
কামিন্স বলেন, ‘অবৈধ উপায় অবলম্বন নিয়ে কোনো মাস্টারপ্ল্যান ছিল না। আমার মনে হয় বিষয়টি নিয়ে যথেষ্ট কথা বলা হয়নি। মানুষ ধরে নেয় যে আমরা (রিভার্স সুইং আদায়ে) বৈধ উপায় থেকে হঠাৎ করে সিরিশ কাগজ ব্যবহারে চলে গেছি এবং এর পেছনে নিশ্চয়ই বিশাল কোনো মাস্টারপ্ল্যান ছিল। সত্যিটা হলো, বিষয়টি মোটেও তেমন নয়।’
অস্ট্রেলিয়া অধিনায়ক যোগ করেন, ‘এ কারণেই আমি বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলতে চাই। কারণ, এ ক্ষেত্রে প্রেক্ষাপট ও খুঁটিনাটি তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কোনো বড় পরিকল্পনা ছিল না, কোনো দলীয় সভাও হয়নি। বোলাররাও বলেননি যে এমনটাই করতে হবে। আমার মনে হয়, কিছু স্বাভাবিক ধারাবাহিক পরিস্থিতির মধ্য দিয়েই বিষয়টি সে পর্যায়ে পৌঁছেছিল।’
কেপটাউন টেস্টের আগের ম্যাচ, অর্থাৎ পোর্ট এলিজাবেথ (বর্তমানে গেবেরা) টেস্টে একটি সেশন শুরুর আগে বাউন্ডারি লাইনের পাশে থাকা বলে সিরিশ কাগজ ব্যবহার করা হয়েছিল—খাজার এ অভিযোগ পড়ে অবাক হওয়ার কথা জানান কামিন্স। তাঁর ভাষায়, ‘এ সপ্তাহেই প্রথম আমি খবরটি জেনেছি। আমার এ বিষয়ে কোনো ধারণাই ছিল না। এমনকি দলের আরও কয়েকজনের সঙ্গে কথা বলেও মনে হয়েছে, এটি আমাদের সবার কাছেই এক নতুন তথ্য।’
খাজা তাঁর বইয়ে দাবি করেছেন, কেপটাউনের বল টেম্পারিংয়ের ঘটনার দায় পুরো দলের সম্মিলিতভাবে নেওয়া উচিত—এমন প্রস্তাব তিনি দিয়েছিলেন, কিন্তু দুজন খেলোয়াড় তাতে রাজি হননি। তবে সম্মিলিতভাবে দায় নেওয়ার কথা কেউ বলেছিলেন কি না, তা মনে করতে পারেননি কামিন্স।
কামিন্সের ভাষায়, ‘প্রথমত, সম্মিলিত দায় নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আমার মনে পড়ে না। কোনো দলীয় সভায় সে দাঁড়িয়ে বলেছে, “চলো সবাই দল হিসেবে এটার দায় নিই”—এমন কিছু আমার মনে নেই। যেহেতু আমাকে কখনো এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করা হয়নি বা কোনো আলোচনাই হয়নি, তাই ওই দুজন (যাঁরা রাজি হননি) কারা হতে পারে, সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই।’
চলতি সপ্তাহের শুরুতে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছিলেন, সিএ এই তদন্ত আর নতুন করে করবে না। তদন্তটি পুনরায় শুরু করা উচিত কি না—এমন প্রশ্নের জবাবে কামিন্স বলেন, ‘সেটা সিএর বিষয়। আট বছর পরও বিষয়টি কেন জিইয়ে আছে, তার একটি কারণ হলো এর পেছনে অনেক প্রেক্ষাপট রয়েছে, যা ব্যাখ্যা করা বা গুছিয়ে বলা কঠিন; আজ আমি সেটাই করার চেষ্টা করছি। তবে যেকোনো কাজ করার একটি সঠিক উপায় থাকে এবং একটি ভুল উপায় থাকে। আমার মনে হয়, তদন্তটি সঠিক উপায়েই হয়েছিল।’