পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ এবার আমিরাতের

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর করতে এবার উদ্যোগী হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডও। ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পাকিস্তানকে অনুরোধ জানিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) একই অনুরোধ করেছিল।

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের এআরওয়াই নিউজের খবরে বলা হয়, ক্রিকেটের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে পাকিস্তানকে তাদের অবস্থান থেকে সরে আসার অনুরোধ করেছে ইউএই ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন

১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছিল, পাকিস্তান দল বিশ্বকাপে অংশ নিতে শ্রীলঙ্কা গেলেও ভারতের বিপক্ষে ম্যাচে তারা মাঠে নামবে না।
মূলত নিরাপত্তাশঙ্কায় ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানো বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে এমন অবস্থান নেয় পাকিস্তান।

আইসিসি ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ হয় বিসিবি সভাপতির। মাঝে পিসিবি চেয়ারম্যান। গতকাল লাহোরে
পিসিবি

এদিকে পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, ভারতের বিপক্ষে পাকিস্তান খেলবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফই নেবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি আজই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধিদলের সঙ্গে তার কী আলাপ হয়েছে, তার আদ্যোপান্ত তিনি প্রধানমন্ত্রীকে জানাবেন। এরপরই আসবে চূড়ান্ত ঘোষণা।

আরও পড়ুন