রানি দ্বিতীয় এলিজাবেথের সম্মানে শুক্রবার স্থগিত রাখা হয়েছিল ওভাল টেস্ট। তবে আগামীকাল থেকে খেলা চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইসিবি বলেছে, রানির ‘অসাধারণ জীবন ও সেবার’ প্রতি সম্মান জানিয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে রানির সম্মানে শুক্রবার সিরিজ নির্ধারণী ওভাল টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত করা হয়েছিল। বলা হয়েছিল, এ টেস্টের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে। শেষ পর্যন্ত সিরিজের তৃতীয় টেস্ট শনিবার শুরু হবে, এমন ধারণা করা হলেও ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা স্থগিত করার পর পুনরায় আলোচনায় বসে ইসিবি। এরপরই আসে চূড়ান্ত সিদ্ধান্ত।
১-১ ব্যবধানে সমতায় থেকে গতকাল শেষ টেস্ট খেলতে নেমেছে দুই দল। বৃহস্পতিবার টেস্টের প্রথম দিনের পুরোটাই ভেসে যায় বৃষ্টিতে। ইসিবি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা রাজি না হওয়াতে বাড়তি কোনো দিন যোগ করা হচ্ছে না। ফলে খেলা হবে আর তিন দিন।
ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকস অবশ্য টুইট করে এরই মধ্যে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি লেখেন, ‘তিনি (রানি) খেলাধুলা ভালোবাসতেন। তাঁর স্মৃতিতে খেলতে পারাটা সম্মানের ব্যাপার হবে।’
এমনিতে ব্রিটিশ সরকারের খেলা বা এমন ইভেন্ট স্থগিতের ব্যাপারে সরাসরি কোনো নির্দেশনা নেই। তবে রানি এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানিয়ে এরই মধ্যে স্থগিত করা হয়েছে প্রিমিয়ার লিগের সব ম্যাচ।
ক্রিকেট হাঁটছে ভিন্ন পথেই। ওভাল টেস্টসহ ঝুলে ছিল ভারতের মেয়েদের দলের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ, শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সিরিজও। ইসিবি জানিয়েছে, প্রতিটি ম্যাচেই আলাদা করে সম্মান জানানো হবে রানিকে। জাতীয় সংগীতের পর এক মিনিট নীরবতা পালন, খেলোয়াড় ও কোচদের কালো আর্মব্যান্ড পরার সঙ্গে বিজ্ঞাপনী বোর্ডে রানির সম্মানে বিশেষ বার্তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে তারা।
প্রায় ৭০ বছর সিংহাসনে থাকার পর ৯৬ বছর বয়সে গতকাল স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ।
১৯৬০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ক্রিকেট দেখতে মাঠে যেতেন রানি এলিজাবেথ। ১৯৭৭ সালে তাঁর সিংহাসনে বসার ২৫ বছর পূর্তি উপলক্ষে অ্যাশেজের বিশেষ নামকরণ করা হয়েছিল। ২০০৫ সালে অ্যাশেজজয়ী ইংল্যান্ডের ছেলে ও মেয়েদের দলকে বাকিংহাম প্যালেসে আমন্ত্রণ জানিয়েছিলেন রানি। ২০১৯ সালে বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দলের অধিনায়ককেও সেখানে আমন্ত্রণ জানিয়ে শুভকামনা জানিয়েছিলেন রানি এলিজাবেথ।
এর আগে ১৯৫২ সালে রাজা পঞ্চম জর্জের মৃত্যুর সময় ভারতে টেস্ট খেলছিল ইংল্যান্ড। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন এমনিতেও ছিল ‘রেস্ট ডে’। সেবারও খেলা চালিয়ে গিয়েছিল তারা, চতুর্থ দিন গিয়ে এ সংস্করণে প্রথম জয় পায় ভারত।