বাংলাদেশ কখন বুঝতে পারল, ম্যাচটা তারা জিততে যাচ্ছে

সংবাদ সম্মেলনে নাজমুল হোসেনশামসুল হক

নাজমুল হোসেন সংবাদ সম্মেলনকক্ষে এসে মিনিট পাঁচেক বসে থাকলেন একটা চেয়ারে। তখনো কথা বলা শেষ হয়নি পাকিস্তান অধিনায়ক শান মাসুদের, বাংলাদেশ অধিনায়কের তাই এই অপেক্ষা। চেয়ারে বসে বসেই নাজমুল অনেকগুলো ‘অটোগ্রাফ’ দেন, এক পর্যায়ে তিনি করেন খুনসুটিও, ‘টাকা দেন…’

স্মরণীয় একটা জয়ের পর স্মৃতিটা ধরে রাখতে চাইছেন সবাই, নাজমুলও ছিলেন খোশমেজাজে। আজ মিরপুর টেস্টের পর তিনি যতক্ষণ কথা বললেন, পুরোটা সময়ই থাকল এমন সুর। গতকাল সংবাদ সম্মেলনে এসে সালমান আগা বলে গিয়েছিলেন, ৭০ ওভারে ২৬০ রানের লক্ষ্য পেলে হারিয়ে দেবেন বাংলাদেশকে।

তাঁর কথা কি শুনেছিলেন? নাজমুলের কাছে এটিই ছিল প্রথম প্রশ্ন। ‘না’ বলেই সেটির উত্তর শেষ করেছেন নাজমুল। সালমানের কথা না শোনার দাবি করলেও বাংলাদেশ যখন ২৬৮ রানের লক্ষ্য পাকিস্তানের সামনে দিয়েছিল, তখনই নাকি তিনি বুঝতে পারছিলেন জয়টা আসছে, ‘না, আমাদের একটা লক্ষ্য ছিল ২৭০ রানের বেশি হলে খুব ভালো একটা রান হবে। এবং যখন আমরা ২৬৭ রানে শেষ করেছি, তখন আমাদের একটা বিশ্বাস ছিল যে এখান থেকে আমরা ম্যাচটা বের করতে পারব।’

শেষ দিনের মধ্যাহ্নভোজের বিরতি শুরু হওয়ার আগেই ইনিংস ঘোষণা করে দিয়েছিল বাংলাদেশ। এ নিয়ে ১৪তম বার নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। এর মধ্যে ৯ ম্যাচে জয় আর হেরেছে একবার। তবে আজ কাজটা ছিল ঝুঁকিপূর্ণ, পাকিস্তানের জয়ের সম্ভাবনাও ছিল ভালোভাবেই।

টেস্টে ১৪তম বার নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ
শামসুল হক

পাকিস্তানের বিপক্ষে এই ইনিংস ঘোষণাও তাই বড় করে দেখছেন নাজমুল, ‘আমাদের ইনিংস ঘোষণার সিদ্ধান্তটা বড় ছিল। যেটা আমাদের দল সাধারণত এভাবে করে না। এটা ভবিষ্যতে কাজে দেবে, আরও আত্মবিশ্বাস দেবে যে এখান থেকেও এভাবে ম্যাচ জেতা সম্ভব।’

ইনিংস ঘোষণার পরও বাংলাদেশের জন্য কাজটা সহজ ছিল না। শেষ সেশনেই তাদের দরকার ছিল আরও ৭ উইকেট। চা–বিরতির সময় দলের কাছে কী বার্তা ছিল অধিনায়কের? নাজমুল বলছেন দিনের শুরু থেকে জেতার জন্যই খেলেছেন তাঁরা।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আজকে সকাল থেকে আমাদের একটা বার্তা ছিল যে আমরা খেলাটা জেতার জন্য খেলব, পরিস্থিতি যে রকমই থাক। বিরতিতেও কোচ এই বার্তাটা দিয়েছেন এবং আমরা সবাই ওই বিশ্বাসটা নিয়েই ঢুকেছিলাম যে এখান থেকে আমরা খেলাটা জিতব। যদি না জিততে পারি তাহলে ওদের যেন কষ্ট হয় খেলাটা বাঁচাতে।’

আরও পড়ুন

ম্যাচ ড্র করার কোনো পরিকল্পনা ছিল না বলেও জানান নাজমুল, ‘একবারের জন্যও আমরা এ রকম চিন্তা করিনি যে খেলাটা থেকে আমরা হেরে যেতে পারি বা এখান থেকে আমরা খেলাটা ড্র করতে চাই। আমাদের ওই আক্রমণাত্মক মানসিকতা ছিল। আমরা জেতার জন্য চেষ্টা করেছি।’

নাহিদ রানা নিয়েছেন ৫ উইকেটে, তাঁকে ঘিরে উল্লাস
শামসুল হক

টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ চক্রে বাংলাদেশের চারটি জয় ছিল। এর আগের দুই চক্রে জয় ছিল শূন্য ও একটি। এবারের চক্রের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয় পেল বাংলাদেশ। দলের অধিনায়ক নাজমুল জানিয়ে গিয়েছিলেন, চার-পাঁচে থেকে শেষ করতে চান তাঁরা।

এই জয়টা কি বাংলাদেশকে সেই পথেই এগিয়ে দিল? উত্তরে নাজমুল বলেন, ‘আমার মনে হয় ধীরে ধীরে যদি এভাবে আমরা এগোতে থাকি, একটা সময় সবাই জানবে যে আমরা এখন ভালো টেস্ট ক্রিকেট খেলি। কিন্তু এখনই এত দূরে যেতে চাই না। অনেক উন্নতির জায়গা আছে। একটা টেস্ট জিতেছি অনেক কথা হবে, অনেক ইতিবাচক কথা হবে। কিন্তু দল হিসেবে উন্নতির জায়গা আছে।’

আরও পড়ুন