৫০ বছর পেরিয়ে ৫ উইকেট, ভাঙল ৯৬ বছরের পুরোনো রেকর্ড

আইল অব ম্যানের হয়ে দুর্দান্ত বোলিং করেন হিকস (লাল জার্সি)আইল অব ক্রিকেট ফেসবুক পেজ

যে বয়সে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, সেটা অনেকের জন্যই অবসর নেওয়ার পর স্মৃতিচারণার। ৪৭ বছর! হ্যাঁ, এ বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক জোয়ান হিকসের। তারপর এ সংস্করণের ইতিহাস নতুন করে লেখাতে হিকসের সময় লাগল মাত্র চার বছর।

রোমানিয়ার মোয়ারা ভ্লাসিয়েই ক্রিকেট গ্রাউন্ডে গত পরশু মেয়েদের কনটিনেন্টাল কাপে গ্রিসের মুখোমুখি হয়েছিল আইল অব ম্যান। নামটা কি একটু অচেনা লাগছে? চেনানোর জন্য জানিয়ে রাখা ভালো, আইরিশ সাগরে স্বায়ত্তশাসিত এই দ্বীপের প্রতিরক্ষা এবং বৈদেশিক সম্পর্কের দেখভাল করে যুক্তরাজ্য সরকার।

খেলায় ফেরা যাক—টি–টুয়েন্টি সংস্করণের ম্যাচটিতে ১০ রানে ৫ উইকেট নিয়েছেন আইল অব ম্যানের অফ স্পিনার হিকস। আর তাতেই হয়েছে দারুণ এক রেকর্ড।
৫১ বছর ১৭৩ দিন বয়সে ৫ উইকেট নিলেন হিকস। ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ৫০ বছর পেরিয়ে যাওয়ার পর ইনিংসে ৫ উইকেট নেওয়া প্রথম বোলার তিনি।

হিকস এ পথে ভেঙেছেন ৯৬ বছর আগের এক রেকর্ড। যাঁর রেকর্ড ভেঙেছেন, সেই ক্রিকেটারও খেলাটির ইতিহাসে এক ঐতিহাসিক চরিত্র। অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার বার্ট আয়রনমঙ্গার।

তাঁর পরিচয় দেওয়ার আগে কীর্তিটা বলে নেওয়া যাক। ১৯৩২ সালে মেলবোর্ন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯ বছর ৩১৪ দিন বয়সে ইনিংসে ৫ উইকেট নেন আয়রনমঙ্গার। এত দিন পর্যন্ত ছেলে এবং মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে এটাই ছিল সবচেয়ে বেশি বয়সে ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড, যেটার দখল নিয়েছেন হিকস।

আরও পড়ুন

বিস্ময়কর হচ্ছে, মেলবোর্ন টেস্টে একই দিনে দক্ষিণ আফ্রিকার দুই ইনিংসেই ন্যূনতম ৫টি করে উইকেট নিয়েছিলেন আয়রনমঙ্গার। প্রোটিয়াদের প্রথম ইনিংসে ৭.২ ওভারে ৬ রানে নেন ৫ উইকেট, দ্বিতীয় ইনিংসে ১৫.৩ ওভারে ১৮ রানে ৬ উইকেট। অবিশ্বাস্য এ ঘটনা আয়রনমঙ্গার ঘটিয়েছিলেন টেস্টের প্রথম দিনে। দুই ইনিংসে ৩৬ ও ৪৫ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা।

আন্তর্জাতিক ক্রিকেটে সবেচেয়ে বেশি বয়সে ৫ উইকেট

সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটারের তালিকায় আয়রনমঙ্গার দ্বিতীয়, আর সবচেয়ে বেশি বয়সে অভিষিক্তর তালিকায় চতুর্থ। ৫০ বছর বয়সে সর্বশেষ টেস্ট খেলা আয়রনমঙ্গারের সঙ্গে ইতিহাসের এ পাতায় বেশ খানিকটা মিল আছে হিকসের। আয়রনমঙ্গারের টেস্ট অভিষেক ৪৫ বছর বয়সে।

হিকসের কীর্তিতে ফেরা যাক। তাঁর দুর্দান্ত বোলিংয়ে গ্রিস ৫২ রানে অলআউট হওয়ার পর ৮৪ বল হাতে রেখে ৯ উইকেটে জয় পায় আইল অব ম্যান। টি–টুয়েন্টিতে তৃতীয়বারের মতো ৫ উইকেট নিলেও হিকসের ক্যারিয়ার–সেরা বোলিং গ্রিসের বিপক্ষে এ ম্যাচেই। ২০২৪ সালে মাত্র ছয় দিনের ব্যবধানে গ্রিস ও মাল্টার বিপক্ষে ইনিংসে ৫টি করে উইকেট নেন হিকস। তাতে মেয়েদের ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ডটিও তাঁর হয়ে যায়। তখন হিকসের বয়স ছিল ৪৯ বছর ১৬৮ দিন।

আরও পড়ুন