ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর

বাবর আজমএএফপি

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন বাবর আজম। হেডিংলিতে চোটের কারণে তাঁর না খেলার খবর নিশ্চিত করেছেন দলটির প্রধান কোচ সরফরাজ আহমেদ।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সরফরাজ জানিয়েছেন, ‘পাকিস্তানের অধিনায়ক বাবর আজম প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে প্রথম টেস্টে অধিনায়কত্ব করবেন সালমান আগা।’

গত শুক্রবার কেন্টের বেকেনহ্যামে প্রফেশনাল কাউন্টি ক্লাব (পিসিসি) সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ডান হাতে আঘাত পান বাবর। ব্যাট করতে নেমে ৫ রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।

তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষে জানানো হয়েছিল, বাবর দলের পরবর্তী অনুশীলন সেশনেও যোগ দেবেন। তবে শেষ পর্যন্ত এই চোটই তাঁকে ছিটকে দিল প্রথম টেস্ট থেকে।

প্রথম টেস্টে না পেলেও বাবরকে দ্বিতীয় টেস্টে পেতে আশাবাদী পাকিস্তান কোচ। সরফরাজ জানিয়েছেন, ‘মেডিক্যাল দল বাবরকে পর্যবেক্ষণে রাখছে। তার আঙুলে বেশ ব্যথা আছে। দ্বিতীয় টেস্টের আগে এখনো কয়েক দিন সময় আছে। আশা করি, এর মধ্যে সে সুস্থ হয়ে উঠবে।’

আরও পড়ুন

ইংল্যান্ড সিরিজের আগে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজ খেলেছিল পাকিস্তান। সেই সিরিজ ১-১ ড্র করেছিল পাকিস্তান। অধিনায়ক বাবর সেখানে দুই টেস্টেই ফিফটি করেন।

ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছে ১৯৯৬ সালে। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট।