সুইপের পর সুইপে দিনুশার ব্যাটে রান—এক সিরিজে সুইপে সর্বোচ্চ রান কার?

সুইপ খেলছেন দিনুশাএএফপি

স্পিনারদের বিপক্ষে যত পারো সুইপ খেলো!

এটাই তাহলে শ্রীলঙ্কার সোনাল দিনুশার সাফল্যের রহস্য। সে সুইপ আবার যেকোনো ধরনের হতে পারে। কখনো প্রচলিত সুইপ, কখনো স্লগ সুইপ, আবার কখনো রিভার্স সুইপ। সবটাই জানেন তিনি।

এভাবে ভারতের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে লড়াই করছেন দিনুশা। রবীন্দ্র জাদেজা, মানব সুতারদের মতো স্পিনারদের বিপক্ষে এই কৌশলেই সফল হচ্ছেন দিনুশা।

সুইপ তো অনেকেই খেলেন। তবে ৪ টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন দিনুশা এতটাই খেলেন যে স্পিনারদের বিপক্ষে তাঁর রানের বেশির ভাগই আসে সুইপ থেকে। টেস্টে এখন পর্যন্ত স্পিনারদের বিপক্ষে ২৮৪ রান করেছেন দিনুশা।

এর মধ্যে ১২২ রান করেছেন সুইপ থেকে, যা মোট রানের ৪২.৯৫ শতাংশ। সুইপ খেলতে গিয়ে এখনো কোনো উইকেট হারাননি। মেরেছেন ১১টি চার ও ৪টি ছক্কা।

৮৫ রানে অপরাজিত দিনুশা
এএফপি

দিনুশা ভারতের বিপক্ষে টেস্টে এখন পর্যন্ত তিনটি ইনিংস খেলেছেন। প্রতিটিতেই ৮০ ছাড়িয়েছেন। তাতে ২৫ বছর বয়সী দিনুশার নাম উঠে গেছে কিংবদন্তি জহির আব্বাস ও এভারটন উইকসের সঙ্গে এক তালিকায়।

এই দুজনের পর দিনুশাই প্রথম ব্যাটসম্যান, যিনি ভারতের বিপক্ষে নিজের প্রথম তিন ইনিংসেই ৮০-এর বেশি রান করেছেন। জহির আব্বাস ভারতের বিপক্ষে প্রথম তিন ইনিংসে করেছিলেন ১৭৬, ৯৬ ও অপরাজিত ২৩৫ রান। উইকস করেছিলেন ১২৮, ১৯৪ ও ১৬২। ভারতের বিপক্ষে প্রথম চার ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন উইকস। পঞ্চম ইনিংসে থেমেছিলেন ৯০ রানে।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে এই সিরিজে দিনুশা এখন পর্যন্ত করেছেন ২৬৯ রান। এর মধ্যে ১০০ রানের বেশিই এসেছে সুইপ থেকে। এক সিরিজে সুইপে সর্বোচ্চ রান করার তালিকায় যা চতুর্থ। রানটা অবশ্য বাড়তেও পারে, এমনকি সবাইকে ছাড়িয়েও যেতে পারেন দিনুশা। এই সিরিজে সুইপ থেকে তিনি রান করেছেন ১০৬।

এক সিরিজে সুইপ থেকে সর্বোচ্চ রান

কলম্বো টেস্টে নিজের প্রথম ইনিংসে এখনো তিনি আউট হননি, অপরাজিত ৮৫ রানে। তবে তাঁর দলের উইকেট বাকি দুটি। তাই খুব বেশি দূর তাঁর রান না–ও যেতে পারে। তিনি প্রথম ইনিংসে যদি কোনো রান যোগ করতে না–ও পারেন, এরপরও দ্বিতীয় ইনিংসে সবাইকে ছাড়িয়ে যেতে পারেন তিনি। সে ক্ষেত্রে খেলতে হবে কমপক্ষে ৫৫ রানের ইনিংস।

আরও পড়ুন