ভয় নাকি সম্ভাবনার জানালা

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০)-এর লোগোছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে না খেলে খেলতে গিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। রংপুর রাইডার্সের হয়ে পাঁচ ম্যাচের চুক্তি ছিল তাঁর। একই বছর অ্যালেক্স হেলস, ব্র্যান্ডন ম্যাককালামও বিগ ব্যাশ চুক্তি বাদ দিয়ে খেলেছেন বিপিএলে। কারণ একটাই—বিগ ব্যাশের চেয়ে তখন টাকা বেশি ছিল বিপিএলে।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটাই এমন। যেখানে অর্থের ঝনঝনানি বেশি, ক্রিকেটাররা সেখানেই যাবেন। আগামী বছরের জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে তেমনই এক টি-টোয়েন্টি টুর্নামেন্ট, যেখানে আন্তর্জাতিক ক্রিকেটের তারকাদের ভিড় জমে যাবে।

আরও পড়ুন

আমিরাতি টি-টোয়েন্টি লিগের নাম ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০)। ক্রিকেটারদের পারিশ্রমিকের দিক থেকে আইএলটি২০–এর অবস্থান আইপিএলের পরেই। এক মৌসুম খেলে ক্রিকেটারদের সর্বনিম্ন আয় হবে ৪ লাখ ৫০ হাজার ডলার। এমন আকর্ষণীয় পারিশ্রমিকের কারণেই সবাই এখন আইএলটি২০–তে দল পেতে হুমড়ি খেয়ে পড়ছে।

আমরা অন্য লিগের সঙ্গে প্রতিযোগিতায় নামছি না। সব লিগ একসঙ্গে চলবে, আমরা এটাই বিশ্বাস করি। এতে করে আমিরাত ও অন্য সহযোগী সদস্যদেশগুলোর ক্রিকেটাররা বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারবে।
মুবাসশির উসমানি, সাধারণ সম্পাদক, আমিরাত ক্রিকেট বোর্ড

দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগ থেকে শুরু করে বিগ ব্যাশ, বিপিএলও আছে আমিরাতি লিগের ভয়ে। খেলাটা যে সময় হবে, তখন দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ তাদের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে। বাংলাদেশ তো নতুন ভবিষ্যৎ সফর পরিকল্পনা সাজিয়েছেই জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বিপিএলের জন্য সময় রেখে। একই সময় আইএলটি২০ হবে বলে বিপিএল, বিগ ব্যাশ বাদ দিয়ে প্রথম সারির বিদেশি তারকারা সেটিই বেছে নিচ্ছেন।

আরও পড়ুন

আইসিসির সহযোগী সদস্যদেশের এই লিগ এখন টেস্ট খেলুড়ে দেশের টি-টোয়েন্টি লিগের জন্য ভয়ের কারণ। দুশ্চিন্তা আছে আইএলটি২০–এর খেলোয়াড়ের সংখ্যা নিয়েও। ছয় দলের টুর্নামেন্টে একাদশে দুই-চারজন নন, বিদেশি ক্রিকেটার থাকবেন ৯ জন! ১৮ জনের স্কোয়াডে বিদেশি ক্রিকেটার ১২ জন করে। পুরো একটা মাসের জন্যই যেন ক্রিকেট–বিশ্বের তারকাদের কিনে নিচ্ছে আমিরাত ক্রিকেট!

আমিরাত ক্রিকেট বোর্ড অবশ্য বিষয়টিকে দেখছে ভিন্ন চোখে। বোর্ডের সাধারণ সম্পাদক মুবাসশির উসমানি প্রথম আলোকে বলেছেন, ‘আমরা অন্য লিগের সঙ্গে প্রতিযোগিতায় নামছি না। সব লিগ একসঙ্গে চলবে, আমরা এটাই বিশ্বাস করি। এতে করে আমিরাত ও অন্য সহযোগী সদস্যদেশগুলোর ক্রিকেটাররা বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারবে। আমাদের লিগ অন্যদের জন্য হুমকি নয়, বরং আমাদের এবং সহযোগী সদস্যদেশের ক্রিকেট জীবিত রাখার একটা উপায়।’

আমিরাতি টি-টোয়েন্টি লিগের অন্য একটি লক্ষ্যও আছে। মুবাসশির উসমানির মুখেই শুনুন সেটা, ‘আমিরাত সরকার চাইছে খেলার দুনিয়ায় আমরা আরও এগিয়ে যাই। পুরো বিশ্বের ক্রীড়া গন্তব্য হোক আমাদের দেশ। আমাদের যে অবকাঠামো, আমরা সেই লক্ষ্যে এগোতেই পারি। এটা শুধু আমাদের ক্রিকেটের উন্নয়নের জন্যই নয়, অন্য সহযোগী সদস্যদেশগুলোও যেন এগোতে পারে, পুরো ক্রিকেটীয় বাস্তুসংস্থান যেন ঠিক থাকে, সে চেষ্টাই আমরা করব।’

আরও পড়ুন

আমিরাত ক্রিকেটের বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই আইএলটি২০–তে স্থানীয় ক্রিকেটারের সংখ্যা কমিয়ে আন্তর্জাতিক তারকা বেশি রাখা হচ্ছে। আমিরাতের ক্রিকেটারদের মান বাড়লে ভবিষ্যতে স্থানীয় ক্রিকেটারদের সংখ্যা বাড়াবেন বলে আভাস দিয়েছেন মুবাসশির। আর আকাশছোঁয়া পারিশ্রমিক প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘দেখুন, ক্রিকেটাররাই পুরো লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাদের যেটা প্রাপ্য, সেটাই দেওয়া হবে। এ ব্যাপারে আমি আমাদের পরিকল্পনা বিস্তারিত বলতে চাচ্ছি না। তবে ক্রিকেটাররা যেন আকর্ষণীয় পারিশ্রমিক পায় ও ভালো জীবনযাপন করতে পারে, সে ব্যবস্থা অবশ্যই থাকবে।’

আপাতত আমিরাত ক্রিকেট বোর্ডের সব মনোযোগ নতুন টি-টোয়েন্টি লিগ নিয়ে। আর্থিক সম্ভাবনার দিক থেকে ‘সোনার হাঁস’ আইএলটি২০–এর শুরুটা ভালো হোক, সেটা নিয়েই তাদের যত চেষ্টা, ‘আমরা উদ্বোধনী মৌসুমটা ভালোভাবে আয়োজন করতে চাই। আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে অবশ্যই। তবে সেটা ভবিষ্যতের জন্য জমা থাক।’