আজ রাতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ, আগে যাচ্ছেন তাসকিনও

বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানাপ্রথম আলো

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে নাহিদ রানাকে পাওয়া হচ্ছে না, এই খবরটা এখন পুরোনো। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার রোমাঞ্চও যেন তাঁর না থাকাতে কিছুটা ফিকে হয়ে গেছে। তবে নাহিদ রানা অস্ট্রেলিয়ায় যাচ্ছেন ঠিকই, যদিও এভাবে যেতে হয়তো চাননি তিনি।

চিকিৎসার জন্য আজ রাতেই অস্ট্রেলিয়ার বিমানে উঠছেন বাংলাদেশের এই পেসার। তবে নাহিদ রানা যে চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারেননি, সেই সাইড স্ট্রেইনের কারণে নয়। তিনি অস্ট্রেলিয়ায় যাচ্ছেন শিনবোনের পুরোনো সমস্যার কারণে। দীর্ঘদিন ধরে এই সমস্যার কারণে ব্যথা অনুভব করছেন এই পেসার। অস্ট্রেলিয়ায় গিয়ে নাহিদ এই সমস্যারই ওষুধ খুঁজবেন।  

তাঁর সঙ্গী হিসেবে আগেভাগে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন তাসকিন আহমেদও। সিরিজের দুই টেস্টে পেস বোলিংয়ের মূল ভরসা এখন তিনিই। দলের বাকিদের আগে তাসকিন অস্ট্রেলিয়ায় যাচ্ছেন তাঁর কাঁধের সমস্যার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে। সেখান থেকেই তাসকিন যোগ দেবেন বাংলাদেশ দলের বাকিদের সঙ্গে।  

আগামী ১ আগস্ট বাংলাদেশের বাকি ক্রিকেটারদের দেশ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলবে তারা। ২২ আগস্ট ম্যাকাইতে হবে দুই দলের দ্বিতীয় টেস্ট।

আরও পড়ুন