ইমরান খানের সুচিকিৎসার দাবি ওয়াসিম–ওয়াকারের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানএক্স

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য কারাগারে যথাযথ চিকিৎসাসেবার দাবি জানিয়েছেন দেশটির দুই কিংবদন্তি ক্রিকেট তারকা ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস।

পাকিস্তানি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ডান চোখের বেশির ভাগ দৃষ্টিশক্তি হারিয়েছেন ৭৩ বছর বয়সী ইমরান। কয়েক মাস ধরে তিনি কারাবন্দী হয়ে একাকি জীবন কাটাচ্ছেন। তাঁর আইনজীবীদের দাবি, চোখে সংক্রমণের পর এখন তা মারাত্মক আকার নিয়েছে এবং চিকিৎসার ঘাটতির কারণে পরিস্থিতির অবনতি হয়েছে। সরকারের মুখপাত্ররা অবশ্য এসব অভিযোগ নাকচ করেছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরানের যথাযথ চিকিৎসার দাবিতে সরব হয়েছেন ‘সুলতান অব সুইং’খ্যাত ওয়াসিম। এক্স হ্যান্ডলে নিজের গুরু ইমরানকে নিয়ে ওয়াসিম লিখেছেন, ‘আমাদের অধিনায়ক ইমরান খানের অসুস্থতার খবরটা হৃদয়বিদারক। আমি আন্তরিকভাবে আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে দেখবে এবং তিনি যেন সর্বোচ্চ চিকিৎসাসেবা পান তা নিশ্চিত করবে। তাঁর জন্য শক্তি, দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ সুস্থতায় ফিরে আসার প্রার্থনা করছি।’

আরও পড়ুন

একই আহ্বান জানান আরেক কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াকারও। ইমরানের ‘আবিষ্কার’ খ্যাত ওয়াকার লিখেছেন, ‘রাজনীতি একপাশে রাখি। খেলার মাঠে আমাদের সবচেয়ে বড় গৌরব এনে দেওয়া জাতীয় নায়ক। যিনি একটি ক্যানসার হাসপাতালও গড়ে তুলেছেন, যা আমার নিজের মাসহ অসংখ্য মানুষকে সহায়তা করেছে। সেই মানুষটিই এখন স্বাস্থ্যসংকটে ভুগছেন। তাঁর জরুরি চিকিৎসা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, তাঁকে যেন দ্রুত ও যথাযথ চিকিৎসা দেওয়া হয়। দ্রুত সুস্থ হয়ে উঠুন স্কিপার (অধিনায়ক)।’

ইমরান খান ও ওয়াসিম আকরাম
এক্স

এর আগে শনিবার পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার বলেছেন, তিনি গত তিন মাস যুক্তরাষ্ট্রে ছিলেন, সেখানে শওকত খানম মেমোরিয়াল ক্যানসার হাসপাতালের জন্য তহবিল সংগ্রহ করেছেন। ক্যানসারে মারা যাওয়া নিজের মায়ের স্মৃতিতে ইমরান খান এই হাসপাতাল গড়ে তুলেছিলেন। শোয়েব লিখেছেন, ‘তাঁর এক চোখের দৃষ্টিশক্তি হারানোর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। আশা করি তিনি সর্বোচ্চ চিকিৎসা পাবেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’

‘বুম বুম’ খ্যাত শহিদ আফ্রিদিও ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়কের জন্য মুখ খুলেছেন। তিনি এক্সে লিখেছেন, ‘চিকিৎসা পাওয়া মৌলিক অধিকার।’ সাবেক অধিনায়ক ও বোর্ড সভাপতি রমিজ রাজা সহমর্মিতা প্রকাশ করেছেন, ‘মানবিকতা যেন প্রাধান্য পায়। ইমরান খানকে ভুগতে দেখে এবং দৃষ্টিশক্তি হারাতে দেখে মানসিকভাবে ধাক্কা খেলাম।’

আরও পড়ুন

সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ইমরানের চিকিৎসা নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজাও। তিনি পাকিস্তানের ক্রিকেটারদের ইমরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

২০২৩ সালের আগস্টে গ্রেপ্তার হওয়ার পর ইমরান একাধিক মামলায় দণ্ডিত হয়েছেন। তিনি ও তাঁর সমর্থকদের দাবি, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।