ইংল্যান্ডের ৩০ শতাংশ সুবিধাও নেই পাকিস্তানে
গত কিছুদিন ইংল্যান্ডে পাকিস্তান ক্রিকেটারদের মেলা বসেছিল। কাউন্টিতে খেলেছেন একগাদা ক্রিকেটার। টি-টোয়েন্টি ব্লাস্টে সংখ্যাটা বেড়েছে। তাঁদের মধ্যে নাসিম শাহ একটু দুর্ভাগা। গ্লস্টারশায়ারের হয়ে খেলছিলেন টি-টোয়েন্টি ব্লাস্টে। তাঁর জায়গায় বদলি হিসেবে খেলেছেন আরেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।
টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার সুবাদে ইংল্যান্ডের ক্লাব ক্রিকেট সম্পর্কে একটু ধারণা পেয়েছেন। সে ধারণা থেকেই নাসিম বলছেন, ইংল্যান্ডে যে সুবিধা পাওয়া যায়, তার ৩০ শতাংশও পাকিস্তানে পাওয়া যায় না।
নাসিমের দাবি, করাচি ও লাহোরে তা–ও একটু ভালো সুযোগ-সুবিধা আছে। কিন্তু পাকিস্তানের অধিকাংশ ক্রিকেটার যে অংশ থেকে উঠে আসেন, সেখানে ভালো অনুশীলন সুবিধা নেই। মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই পেসারের দাবি, তিনি যেখানে বেড়ে উঠেছেন, সেখানে ভালো একটা মাঠও নেই।
ক্রিকেট পাকিস্তানের সঙ্গে এক সাক্ষাৎকারে নাসিম বলেছেন, ‘আমার ধারণা, ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে যে সুবিধা পাওয়া যায়, তার ৩০ শতাংশও নেই আমাদের ক্লাবগুলোতে। আমি জানি, আমি যেখান থেকে এসেছি, আমি টেপের বলে খেলা শুরু করেছি এবং যখন এখানকার (ইংল্যান্ডের) ক্রিকেটারদের খেলতে দেখি, পুরোপুরি ভিন্ন। এখানে যখন ক্লাব ম্যাচ খেলি এবং মাঠ ও অনুশীলনব্যবস্থা দেখি, তখন মনে হয়, “ওয়াও, এরা কত ভাগ্যবান। এদের কত সুবিধা।”’
সে তুলনায় পাকিস্তানে প্রায় কোনো সুবিধাই পাওয়া যায় না লাহোর ও করাচির বাইরে।
নাসিমের ধারণা, যদি সুযোগ-সুবিধা একটু ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে আরও ভালো ক্রিকেটার উঠে আসবে, ‘যখন আমাদের ক্রিকেটের দিকে তাকাই, অধিকাংশ ক্রিকেটার এমন জায়গা থেকে উঠে আসে, যেখানে সুযোগ-সুবিধাই পাওয়া যায় না। লাহোর, করাচির মতো জায়গায় ভালো সুবিধা আছে। কিন্তু আমি যেখান থেকে উঠে এসেছি, সেখানে ক্রিকেট মাঠই নেই। শক্ত বলে ক্রিকেটই খেলা যেত না। ইংল্যান্ডে যেসব সুযোগ-সুবিধা পাওয়া যায়, তার কিছুটাও যদি পাকিস্তানে পাওয়া যেত, আমাদের দেশে আরও ক্রিকেটার উঠে আসত।’
২০১৯ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক নাসিম শাহর। মাত্র ১৬ বছর ২৭৯ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের পেছনে প্রকৃতিদত্ত প্রতিভাই বেশি ভূমিকা রেখেছিল নাসিমের। দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টেস্টে এক ইনিংসে ৫ উইকেট পাওয়া বোলার নাসিম। ১১ টেস্টে ২৬ উইকেট পাওয়া নাসিম অবশ্য মাঝে কিছুদিন একটু বাজে সময় পার করেছেন।