গেস্টহাউসের ব্যালকনিতে দাঁড়িয়ে ক্যারিবিয়ান সাগরের যে অংশটা দেখতে পাচ্ছি, পরশু দুপুরে ডমিনিকায় পৌঁছানোর পর সেটি এমন ছিল না। নীল সাগরে এখন ধূসর বর্ণের ঢেউ। ডমিনিকার আকাশে যে ঝলমলে রোদ দেখেছি এখানে এসে, কেউ যেন সেখানেও মেখে দিয়েছে এক দলা মেঘ। আর ব্যালকনি থেকে দুই পা সামনে বেরিয়ে এসে উইন্ডসর পার্কের যে ঊর্ধ্বাংশ দৃষ্টিগোচর হচ্ছে, সেটি হয়ে আছে বৃষ্টিতে জবুথবু।
এই উইন্ডসর পার্কেই বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ টি–টোয়েন্টি সিরিজের শুরুর দুটি ম্যাচ, যার প্রথমটি হওয়ার কথা আজ। তার আগে গতকাল স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় শুক্রবার রাত ১০টা) শুরু হওয়ার কথা ছিল ডমিনিকায় বাংলাদেশ দলের একমাত্র অনুশীলন সেশন। কিন্তু শেষ পর্যন্ত সবই ‘প্যাকড আপ’—কোনো দলেরই অনুশীলন হয়নি। পরশু বিকাল থেকে ঝরতে থাকা বৃষ্টিটা রাত পেরিয়েও ঝরেছে।
আবহাওয়া বার্তা সর্বশেষ যা বলছিল, তাতে আজকের টি–টোয়েন্টি ম্যাচটিও প্রবল হুমকির মুখে। অবশ্য অনুশীলন করা না গেলেও বাংলাদেশ দল মাঠে আসবে। খেলার আগে একবার ভেন্যুটা চোখের দেখা না দেখে তো আর খেলতে নামা যায় না। আর পরশু সমুদ্রযাত্রার ‘মোশন সিকনেস’ও ক্রিকেটাররা কাটিয়ে উঠেছেন। দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল স্থানীয় চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা আশ্বস্ত করেছেন, এ ধরনের শারীরিক সমস্যা পাঁচ–ছয় ঘণ্টার মধ্যেই কেটে যাচ্ছে। এর কোনো সুদূরপ্রসারী প্রভাবও নেই।
আবহাওয়ার বৈরিতার সঙ্গে বোঝাপড়া করেই বসবাস ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মানুষের। ভৌগোলিক অবস্থানের কারণে ডমিনিকায় সেটি আরও বেশি। সাইক্লোন, হ্যারিকেন এখানে নিত্যনৈমিত্তিক ব্যাপার। ২০১৭ সালের সেপ্টেম্বরে সে রকমই এক হ্যারিকেন ‘মারিয়া’ লন্ডভন্ড করে দিয়েছিল দ্বীপটিকে।
পাহাড়ের দেশ ডমিনিকা সেই ধাক্কা এখনো কাটিয়ে উঠতে না পারলেও ‘মারিয়া’ মারতে পারেনি এ দ্বীপের মানুষের মনোবল আর আত্মবিশ্বাসকে। মারিয়াকে তারা প্রতি মুহূর্তে মনে করেন এবং প্রতিটি মুহূর্তে তাঁরা এই বিশ্বাসেও উজ্জীবিত থাকেন যে আমরা লড়তে জানি! বৈরী আবহাওয়ার আঘাত সইতে সইতে ডমিনিকা এখন সর্বংসহা। এ দেশের মানুষের বিশ্বাস, মারিয়ার ছোবলের পরও যখন উঠে দাঁড়ানো গেছে, কোনো কিছুই তাঁদের আর টলাতে পারবে না।
সমস্যা হলো আটলান্টিকে সৃষ্ট সাইক্লোনের যে প্রভাব বাংলাদেশ দল সেন্ট লুসিয়ায় দেখে এসেছে, উথালপাতাল ঢেউয়ে ভাসতে ভাসতে সেটি তাদের পিছু নিয়ে চলে এসেছে এখানেও। কখনো প্রবল বর্ষণ, কখনো ঝিরিঝিরি বৃষ্টিতে অন্তত আজকের প্রথম টি–টোয়েন্টিটা অনিশ্চিতই মনে হচ্ছে। অথচ এই সিরিজটার জন্য কি রোমাঞ্চ নিয়েই না অপেক্ষা করছে ডমিনিকা! সেই রোমাঞ্চের দেখা বাংলাদেশ দলও পেয়ে গেছে পরশু ডমিনিকা পৌঁছেই।
হ্যারিকেন ‘মারিয়া’য় লন্ডভন্ড উইন্ডসর পার্কে গত পাঁচ বছরে কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে পারেনি। প্রায় ৬ মিলিয়ন ডলার ব্যায়ে সংস্কার করা উইন্ডসর পার্কে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে বাংলাদেশ দলের দুটি টি–টোয়েন্টি ম্যাচ দিয়েই।
সেন্ট লুসিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে মার্টিনেক ছুঁয়ে ডমিনিকায় আসতে হয়েছে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে। ক্রিকেটারদের কেউ ‘মোশন সিকনেসে’ আক্রান্ত হয়ে বমি করে ভাসিয়ে দিয়েছেন ফেরির ডেক, কেউ প্রবল ঢেউয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। টবে পাঁচ ঘণ্টার বিভীষিকাময় যাত্রার পর ডমিনিকার পোর্টসমাউথ ফেরি টার্মিনালে পৌঁছে রীতিমতো অবাক হওয়ার পালা।
ইমিগ্রেশন পার হওয়ার পরই টেলিভিশন ক্যামেরা হাতে সাংবাদিকদের জটলা। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ যে দলের ক্রিকেটারদেরই পাচ্ছেন সামনে, মাইক্রোফোন এগিয়ে দিচ্ছেন। অ্যান্টিগা ও সেন্ট লুসিয়ায় প্রেসবক্সেই আসতেন হাতে গোনা দু–একজন সাংবাদিক, সেখানে এই ঘটনা তো ব্যতিক্রমই।
হ্যারিকেন ‘মারিয়া’ লন্ডভন্ড করে দিয়েছিল ডমিনিকার আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু উইন্ডসর পার্ককেও। ২০১৭ সালের পর গত পাঁচ বছরে কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে পারেনি এই মাঠে। প্রায় ৬ মিলিয়ন ডলার ব্যায়ে সংস্কার করা উইন্ডসর পার্কে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে বাংলাদেশ দলের দুটি টি–টোয়েন্টি ম্যাচ দিয়েই। ডমিনিকায় সে কারণেই রোমাঞ্চটা বেশি।
পোর্টসমাউথ ফেরি টার্মিনাল থেকে আমাকে ঘণ্টাখানেক দূরত্বের রাজধানী শহর রোসোর গেস্টহাউসে পৌঁছে দিয়েছেন ট্যাক্সিচালক ফিটজ। নিজে একসময় ক্লাব ক্রিকেটে পেস বোলার ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ দলের সাবেক ক্রিকেটার শেন শিলিংফোর্ড নাকি তাঁর জ্ঞাতি ভাই।
ফিটজের সঙ্গে কথা বলে বুঝলাম, আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন উপলক্ষে এখানকার ক্রিকেট সংশ্লিষ্ট প্রায় সবাই ঝাঁপিয়ে পড়েছে উপলক্ষটাকে সাফল্যমণ্ডিত করতে। উঁচু–নিচু পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে চালাতে ফিটজ বলছিলেন, ‘ক্যারিবিয়ান অন্য দেশগুলোর তুলনায় আমাদের এখানেই ক্রিকেটের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। খেলার দিন মাঠে গেলে দেখবে কত দর্শক আসে। কিন্তু দুর্ভাগ্য, গত পাঁচ বছর আমরা আন্তর্জাতিক ক্রিকেট দেখিনি।’
মিস্টার সুইনবার্ন একজন অর্থনীতিবিদ, স্ত্রী কাজ করেন স্থানীয় ফাস্ট ন্যাশনাল ব্যাংকে। রোসোতে আমার গেস্টহাউসের মালিক এই পরিবার। সুইনবার্ন একসময় ছিলেন অর্গানাইজেশন অব ইস্টার্ন ক্যারিবিয়ান স্টেটসের বড়কর্তা। ডমিনিকায় আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বলে তিনিও খুব উত্তেজিত। কিন্তু তিনি যখন মুখটা বেজার করে আকাশের দিকে তাকান, মুহূর্তে হারিয়ে যাচ্ছে সেই উত্তেজনা। কিংবা আমান্ডার কথাই ধরুন। পরশু রাতে নতুন শহরের রাস্তায় রেস্টুরেন্টের পথ দেখিয়ে দেওয়া অ্যাকাউন্ট্যান্ট ভদ্রমহিলাও বললেন, ‘আমি অবশ্যই মাঠে যাব খেলা দেখতে, তবে যদি খেলা হয়।’
ডমিনিকানদের উৎসবে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে এই ‘যদি’ শব্দটাই। পাঁচ বছরের অপেক্ষার পর তারা যখন মঞ্চ সাজাচ্ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে বরণ করে নিতে, তখনই সমুদ্র উত্তাল, বৃষ্টিতে জবুথবু পাহাড় আর প্রকৃতির দেশ। ‘দ্য ন্যাচার আইল্যান্ড’কে যেন প্রকৃতির ইচ্ছাতেই চলতে হবে!