ঘোষণা দিয়ে বদলে যাওয়া ইংল্যান্ডের যত ব্যাটিং রেকর্ড
সিরিজ শুরুর আগে টেস্ট খেলার ধরন পাল্টে ফেলার কথা ঘোষণা দিয়েই জানিয়েছিল ইংল্যান্ড। ম্যাককালাম-স্টোকসের ইংল্যান্ড কথা রেখেছে। অবিশ্বাস্য ব্যাটিংয়ে রেকর্ড বইয়ের অনেকগুলো পাতাই বদলে ফেলেছে দলটি।
২৫০ পেরিয়ে জয়ের হ্যাটট্রিক
ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকস জুটি বাঁধার আগে টেস্টের চতুর্থ ইনিংসে ২৭৫ রানের বেশি তাড়া করে ইংল্যান্ডের জয় ছিল ১০টি। ম্যাককালাম-স্টোকস জুটির প্রথম তিন টেস্ট শেষেই সংখ্যাটা ১৩ হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে সিরিজের প্রথম টেস্টটা ইংল্যান্ড জিতেছে ২৭৭ রানের লক্ষ্য ছুঁয়ে। ট্রেন্ট ব্রিজে ২৯৯ রান ছুঁয়ে দ্বিতীয় টেস্ট জেতা ইংলিশরা হেডিংলিতে তৃতীয় টেস্ট জেতে ২৯৬ রানের লক্ষ্য ছুঁয়ে। টেস্ট ইতিহাসে এর আগে চতুর্থ ইনিংসে ২৫০ বা এর বেশি লক্ষ্য ছুঁয়ে টানা তিন ম্যাচ জয়ের উদাহরণ ছিল না। এক সিরিজেও এর আগে কোনো দল চতুর্থ ইনিংসে ২৫০ বা এর বেশি লক্ষ্য ছুঁয়ে তিন ম্যাচ জেতেনি।
এক সিরিজে একাধিকবার ২৫০ ছুঁয়ে জয়
* এক সিরিজে দুই দল মিলিয়েই এর আগে তিনবার ২৫০ পেরিয়ে টেস্ট জিততে পারেনি। ২০০ পেরিয়ে তিন টেস্ট জয়ের উদাহরণই ছিল একটি। ১৯৫১-৫২ মৌসুমে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অস্ট্রেলিয়া দুবার ও ওয়েস্ট ইন্ডিজ একবার ২০০ ছুঁয়ে জিতেছিল।
ওভারপ্রতি রানে সেরা ইংল্যান্ড
ট্রেন্ট ব্রিজে রানতাড়ায় ইংল্যান্ডের ওভারপ্রতি রান ৫.৯৮, হেডিংলিতে শেষ ম্যাচে ৫.৪৪। টেস্টে ২৫০–এর বেশি রানতাড়ায় ওভারপ্রতি রান তোলায় প্রথম দুটি স্থানেই আছে ইংল্যান্ডের এই দুই ইনিংস।
শুধু রানতাড়াতেই নয়, পুরো সিরিজে ওভারপ্রতি রান তোলাতেও রেকর্ড গড়েছে ইংল্যান্ড। সিরিজে ইংল্যান্ড ওভারপ্রতি রান তুলেছে ৪.৫৪। অন্তত পাঁচ ইনিংস খেলা হয়েছে, এমন সিরিজে যা যেকোনো দলের সর্বোচ্চ।
বিধ্বংসী বেয়ারস্টো
সিরিজে ১২০.১২ স্ট্রাইক রেটে ৩৯৪ রান করেছেন জনি বেয়ারস্টো। টেস্টে এক সিরিজে কমপক্ষে ৩০০ বল খেলেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ স্ট্রাইক রেট। বেয়ারস্টো ভেঙেছেন অধিনায়ক বেন স্টোকসের রেকর্ড।