টেস্টে কেন রিভার্স সুইপ, প্রশ্ন মাহমুদেরও

রিভার্স সুইপ খেলে আউট হয়ে ফিরছেন মুশফিক, পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনএএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর দুই দিনের বিকালে একই ছবি। গতকাল দ্বিতীয় দিন বিকালে প্রথম ইনিংস ১ উইকেটে ৮২ রানের স্বস্তিকর অবস্থা থেকে ৪০ রানে আরও ৪ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেদিন যেমন তামিমরা ব্যাটিং করতে নেমেছিলেন বিশাল রানের বোঝা নিয়ে, আজ তৃতীয় দিন বিকেলেও ছবিটা একই। দ্বিতীয় ইনিংসে ২৭ রানে পড়ে গেছে ৩ উইকেট।

দক্ষিণ আফ্রিকা চাইলেই বাংলাদেশকে ফলো অন করাতে পারত। বাংলাদেশকে শেষ ইনিংসে ব্যাটিং করাতে ফলো অন করাননি ডিন এলগার। ইনিংস ঘোষণা করেছেন বাংলাদেশকে ৪১৩ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য ছুঁড়ে দিয়ে। বাংলাদেশের ২১৭ প্রথম ইনিংসে সর্বোচ্চ রান মুশফিকুর রহিমের ৫১। কিন্তু কাঠগড়ায় উঠতে হচ্ছে তাঁকেই। দলীয় ব্যাটিং ব্যর্থতার চেয়ে বেশি আলোচনা হচ্ছে মুশফিকের রিভার্স সুইপ নিয়ে। দিনের খেলা শেষে অনলাইন সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আসা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ যা নিয়ে তাঁর অসন্তোষ গোপন রাখলেন না।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন মুশফিকই
এএফপি

মুশফিকের রিভার্স সুইপ নিয়ে মাহমুদ বললেন, ‘মুশির শটটা অবশ্যই প্রত্যাশিত না। আমরা এমন কিছু অবশ্যই দেখতে চাই না। আমরা ফলো অন থেকে ৪৩ রান দূরে ছিলাম। সে আমাদের সর্বশেষ স্বীকৃত ব্যাটসম্যান ছিল। খুবই অপ্রত্যাশিত। টেস্ট ম্যাচের এমন একটা সময়ে এই শট খেলব, অবশ্যই আমরা কিছু আশা করি না। ওয়ানডে, টি-টোয়েন্টিতে এটা হতে পারে, যেহেতু খেলাটা রানের। কিন্তু টেস্টে এমন অবস্থায় কেন এমন শট খেলল? ভালো ব্যাটিং করতে করতে সে যেন খেলাটা ছেড়ে দিল।’

আরও পড়ুন

এই ম্যাচ নিয়ে অনুমিতভাবেই আশাবাদী হওয়ার মতো কিছু খুঁজে পেলেন না মাহমুদ, ‘তৃতীয় দিন শেষে অবশ্যই ভালো বলব না। গত তিন দিন দক্ষিণ আফ্রিকার তুলনায় আমরা আমাদের সব বিভাগেই পিছিয়ে ছিলাম।’ বাস্তবতা হলো, ডারবান টেস্টে হারের পর পোর্ট এলিজাবেথ টেস্টের ভাগ্যাকাশেও হার ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না। তৃতীয় দিন শেষে বাংলাদেশ পিছিয়ে ৩৮৬ রানে, হাতে আছে ৭ উইকেট।

মুশফিকের রিভার্স সুইপ নিয়ে প্রশ্ন তুলেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদও
ফাইল ছবি

দলের এমন অবস্থায় মাহমুদের কথায়ও ‘সিরিজ শেষ’–এর আভাস পাওয়া গেল। খর্ব শক্তির দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে টেস্টে হারানোর সুযোগ বাংলাদেশ হাতছাড়া করল কি না, এমন প্রশ্নের উত্তরে মাহমুদ বললেন, ‘হ্যাঁ, অবশ্যই। তবে আমি এই দক্ষিণ আফ্রিকাকে খারাপ দল বলব না। কারণ এই দলে অনেক ভালো ক্রিকেটার আছে। খুবই হতাশাজনক যে, আমরা স্পিনে আউট হয়েছি। এটাই হতাশাজনক। আমরা প্রত্যাশা করেছিলাম টেস্টের ফলাফলটা ভালো হবে। কারণ আমরা পরিকল্পনাটা ভালোমতো বাস্তবায়ন করতে পারিনি।’